‘নিয়ম মানতে হলে ঠক বাছতে গাঁ উজার হয়ে যাবে’
রূপক মজুমদার, বর্ধমান
রাজ্যের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের সদস্যরা গত ১৮ নভেম্বর বর্ধমান শহরের বিভিন্ন নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাম এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেখানে সংবাদমাধ্যম কমিশনের কাছে প্রশ্ন করেছিল— ‘যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বা আরওপি করার ব্যবস্থা না-থাকায় শিশুর চোখ নষ্ট হতে বসেছে। সেই অভিযোগ স্বাস্থ্য ভবন ও কমিশনের কাছে করেছে শিশুটির পরিবার। তারা কি বিচার পাবে?’
উত্তরে কমিশনের অন্যতম সদস্য চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটা দুর্ঘটনা ঘটেছে। মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। ওরা আরওপি-র ব্যবস্থা করেছে। সুতরাং সেই সুযোগটা সবাইকেই দেওয়া উচিত।’ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন দুই শিশুর পিতা হিতেশ চৌধুরী ও অসীম ঘোষ। বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড় এলাকার একটি আবাসনের বাসিন্দা হিতেশ বলেন, ‘মাল্টি স্পেশালিটি হাসপাতাল লিখে ওরা ব্যবসা করছে। সেখানে ন্যূনতম সুযোগ নেই। আমার সন্তানের চোখ আজ নষ্ট হওয়ার পথে। দেশের বিভিন্ন রাজ্যে চিকিৎসা করিয়েও ওর চোখ ঠিক করতে পারব কি না, জানি না। আমরা যেখানে বিচার চেয়ে চিঠি দিলাম সেখানে কমিশনের এক সদস্য এ ভাবে ওই হাসপাতালের গাফিলতি কী ভাবে আড়াল করছেন? এটা যদি ওঁর বা ওঁর পরিবারের কারও সঙ্গে ঘটত তা হলে তিনি কি একই কথা বলতেন?’
অসীমের বক্তব্য, ‘এই একই ঘটনা ২০২৩-এ আমার সন্তানের সঙ্গে ঘটেছে। তার চোখের পাওয়ার মাইনাস আট। সুপার স্পেশালিটি লিখে লক্ষ টাকার উপরে বিল নিচ্ছে। আর যাদের উপরে মানুষ ভরসা রাখছে সেই কমিশনের সদস্য ভুল থেকেই শিক্ষা নেওয়ার কথা বলছেন!’ ওই বেসরকারি হাসপাতালের এক প্রাক্তন কর্মী শুভাশিস নস্কর বলেন, ‘ফার্মাস্টিস্ট স্টাফ হিসেবে কাজ করতাম ওখানে। ওই হাসপাতালে রোগীর বিল বাড়ানোর জন্য রীতিমতো লুট চলে। আর এটা করার নির্দেশ দিয়ে পদ্ধতিও বলে দেন হাসপাতালের মালিক।’
১৮ নভেম্বর কমিশনের চেয়ারপার্সন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু অবশ্য বলেছিলেন, ‘জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় আমরা খুশি নই। আমরা রিপোর্ট দেবো।’ এর পরেই গত বুধবার, ২৫ নভেম্বর রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পূর্ব বর্ধমানের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রমের জায়গায় আত্রেয়ী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করার নির্দেশিকা জারি করা হয়। স্বাস্থ্য ভবনে বদলি করা হচ্ছে জয়রাম হেমব্রমকে। যদিও শনিবার পর্যন্ত নতুন সিএমওএইচ জেলায় এসে চার্জ হাতে নেননি।
সূত্রের খবর, জেলার ডেপুটি সিএমওএইচ-১ জগন্নাথ মণ্ডলকেও স্বাস্থ্য ভবনে বদলি করা হয়েছে। তাঁকেও জেলা স্বাস্থ্য দপ্তর থেকে রিলিজ় অর্ডার দেওয়া হয়েছে। এটা কি তা হলে কমিশনের সিদ্ধান্তেই করা হলো? যদিও জয়রাম হেমব্রম বলেন, ‘আমার প্রোমোশনাল বদলির অর্ডার আগেই হয়েছিল। এখন ওটা ইমপ্লিমেন্ট করা হলো মাত্র। আমি আমার সাধ্যমতো যা করার করেছি। নিয়ম মানলে ঠক বাছতে গাঁ উজার হয়ে যাবে, সেটাও আমাদের মাথায় রাখতে হয়েছে।’