নাগরিকত্ব পাওয়ার আগেই কিভাবে ভোটার তালিকায় নাম! ফের বিতর্কে সোনিয়া

নয়াদিল্লি: ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম উঠেছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর! (Sonia Gandhi)১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্রায় তিন বছর আগে, অর্থাৎ ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ ঘিরে এবার নতুন করে চাঞ্চল্য ছড়াল। এই সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে দিল্লির আদালতে দুটি অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দিয়েছে দিল্লি পুলিশ।
পুলিশের জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ এবং ১৯৮৩ সালের নির্বাচনী তালিকায় সোনিয়া গান্ধীর নাম থাকার বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালের ৩০ এপ্রিল ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন সোনিয়া গান্ধী। ফলে নাগরিকত্ব পাওয়ার আগেই কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও দেখুনঃ জম্মুকে বঞ্চিত করে কাশ্মীরে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়! ওমর সরকারের সিদ্ধান্তে ক্ষোভ
প্রসঙ্গত, আইনজীবী বিকাশ ত্রিপাঠী এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই সোনিয়া গান্ধীর নাম দেশের নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই ঘটনায় প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ তুলে তিনি পুলিশের কাছে এফআইআর দায়েরের আবেদন জানান। বিষয়টি খতিয়ে দেখে দিল্লির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (ACJM) বিনোদ যোশি পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠান। সেই নির্দেশের পরই শনিবার আদালতে দুটি পৃথক রিপোর্ট জমা দেয় দিল্লি পুলিশ।
পুলিশের ২৭ নভেম্বরের প্রথম রিপোর্টে জানানো হয়, অভিযোগের বিষয়টি আইপি এস্টেট থানার এক্তিয়ারভুক্ত নয়। তাই প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অভিযোগটি নয়াদিল্লি জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে সেটি তুঘলক রোড থানায় স্থানান্তরিত করা হয়। এরপর আদালতের নির্দেশে তুঘলক রোড থানার স্টেশন হাউস অফিসার (SHO) দ্বিতীয় একটি রিপোর্ট জমা দেন।
সেখানে জানানো হয়, সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)১৯৮০ এবং ১৯৮৩ সালের ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি যাচাই করতে নয়াদিল্লির জেলাশাসকের দফতরে নোটিশ পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের উত্তরে দুই বছরের ভোটার তালিকাতেই তাঁর নাম থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে তদন্তে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে আসেনি বলে জানিয়েছে পুলিশ। বিশেষ করে ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম অন্তর্ভুক্ত করার জন্য জমা পড়া ফর্ম-৬ এবং অন্যান্য সহায়ক নথির কোনও সন্ধান এখনও মেলেনি। সেই নথিগুলি কোথায় রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশের মতে, এই নথিগুলি হাতে পাওয়া গেলে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।
অন্যদিকে, সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)নাগরিকত্ব পাওয়ার সঠিক তারিখ জানতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি বিভাগে যোগাযোগ করে দিল্লি পুলিশ। ওই বিভাগে পাঠানো নোটিশের উত্তরে জানানো হয়েছে, অ্যান্টোনিয়া মাইনো ওরফে সোনিয়া গান্ধীকে ১৯৮৩ সালের ৩০ এপ্রিল ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছিল। অর্থাৎ, পুলিশের হাতে আসা সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম থাকার সময় তিনি এখনও ভারতীয় নাগরিকত্ব পাননি। এই পরিস্থিতিতে নির্বাচনী তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ।
তবে এখনও পর্যন্ত এই ঘটনায় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনও অপরাধ প্রমাণিত হয়েছে, এমন কথা জানায়নি দিল্লি পুলিশ। বরং রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, আরও তথ্য ও নথি পাওয়ার পরই তদন্তের পরবর্তী পর্যায়ে প্রকৃত বিষয়গুলি পরিষ্কার হবে। অভিযোগের ভিত্তিতে কোনও আমলযোগ্য অপরাধ (Cognizable Offence) সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণের জন্য তদন্ত শেষ হওয়া জরুরি। আদালতও পুলিশকে এই বিষয়ে একটি বিস্তারিত ও চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।