নতুন ধরনের ভাষা আর এক্সপ্রেশন এলে আপত্তি কোথায়? - 24 Ghanta Bangla News
Home

নতুন ধরনের ভাষা আর এক্সপ্রেশন এলে আপত্তি কোথায়?

Spread the love

⏯️এই সময় অনলাইন: যে প্রজন্মকে কেন্দ্র করে সবথেকে বেশি কথা হচ্ছে, সেই জেন জ়ি ও জেল আলফা প্রযুক্তি (AI)-র সঙ্গে যে ভাবে কমিউনিকেট করছে, তাতে কি একটা নতুন ভাষার জন্ম হচ্ছে? এই ভাষার নিজস্ব এক্সপ্রেশন বা অভিব্যক্তি রয়েছে। সেক্ষেত্রে এই এক্সপ্রেশনের সঙ্গে তালে তাল মিলিয়ে কি এক ধরনের নতুন রেসপন্সও তৈরি করছে পরবর্তী প্রজন্ম?

শাজ়িয়া: জেন জ়ি, জেন আলফা — আমরা আসলে একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে মানুষকে ভাগ করছি। অর্থাৎ, কোন দশকে বা কোন সময়কালের মধ্যে তাদের জন্ম, আর সেই সময়ে তারা কী ধরনের প্রযুক্তি, পরিবেশ ও সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে বড় হয়েছে, তার উপর ভিত্তি করেই এই জেনারেশনগুলোকে আলাদা করা হচ্ছে। তাই তো? যদি তাই হয়, তা হলে স্বাভাবিক ভাবেই সময় যত এগোচ্ছে, আমরা তত বেশি ডিজিটালাইজ়ড হচ্ছি। নতুন প্রজন্মও আরও বেশি ডিজিটাল পরিবেশের মধ্যে বড় হচ্ছে। তার ফলে তাদের কমিউনিকেশন বা যোগাযোগের ধরনও বদলাচ্ছে।

মানুষ যখন প্রথম ভাষা তৈরি করেছিল, তখন তার ভাষা কেমন ছিল? আর আজ আমরা কী ধরনের শব্দ ব্যবহার করছি? আমাদের ভাষা তো প্রতিনিয়ত বদলাচ্ছে। এখন কাউকে দ্রুত উত্তর দিতে হলে আমরা অনেক সময় পুরো বাক্য লিখি না, শর্ট ফর্ম ব্যবহার করি। যেমন, কাউকে যদি বলি, ‘তুই এ দিকে আয়’, তা হলে হয়তো লিখব ‘U come here’ বা আরও ছোট করে কিছু লিখব। ‘Come’ বা ‘here’-এর মতো শব্দও অনেক সময় সংক্ষিপ্ত করে লেখা হয়। কারণ পুরো শব্দ লিখতে সময় লাগে। আর আমাদের সমস্যা হলো, আজকের সময়ে কাজ অনেক, কিন্তু সময় খুব কম। সবকিছু দ্রুত করতে হচ্ছে।

জেন জ়ি বা জেন আলফার ক্ষেত্রে এই বিষয়টা আরও বেশি দেখা যায়। তারা ছোটবেলা থেকেই ডিজিটাল প্রযুক্তির মধ্যে বড় হচ্ছে। আমরা তাদের খুব অল্প বয়স থেকেই মোবাইল, ট্যাব এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের সঙ্গে পরিচিত করে দিচ্ছি। তাদের এই ডিজিটাল এক্সপোজ়ার অনেক বেশি। ছোট থেকেই তাদের কোডিং শেখানো হচ্ছে। আমাদের সময়ে নাইন বা টেন ক্লাসে সি প্লাস প্লাস (C++) শেখানো হতো, কিন্তু এখন অনেক বাচ্চা ছোট বয়স থেকেই পাইথন, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং বিভিন্ন ডিজিটাল বিষয় শিখছে। ফলে তারা খুব দ্রুত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে শিখছে এবং সেই পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে।

এই ডিজিটাল এক্সপোজ়ারের মধ্যেই তাদের নতুন ধরনের ভাষা তৈরি হচ্ছে। একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ কিছু শর্ট ফর্ম বা শব্দ ব্যবহার করছে, আর সেই ভাষা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আমি এই বিষয়টা নিয়ে আমার কয়েকজন স্টুডেন্টের সঙ্গে কথা বলেছিলাম। তাদের জিজ্ঞাসা করেছিলাম, তারা এই ধরনের ভাষা বোঝে কি না। ওরা বলল, সবাই বোঝে না। কয়েকজন বোঝে, আবার কয়েকজন বোঝে না। অর্থাৎ, এই ভাষা ব্যবহার করারও একটা নির্দিষ্ট গোষ্ঠী তৈরি হচ্ছে। যারা এই শব্দগুলো ব্যবহার করছে, তারা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করছে।

কখনও বলা হচ্ছে, ‘You are in the cult’, বা ‘You are in this group’। অর্থাৎ, তুমি যদি এই গোষ্ঠীর মধ্যে থাকো, তা হলে তোমার এই ধরনের শব্দ জানা বা ব্যবহার করা উচিত। যেমন, FOMO-র মতো শব্দ। আমি নিজেও এই ধরনের অনেক শব্দের সঙ্গে খুব একটা পরিচিত নই। কিন্তু বিষয়টা হলো, তারা নিজেদের একটা আলাদা ভাষা বা এক্সপ্রেশন তৈরি করছে। কখনও হাতের ইশারা, কখনও ছোট ছোট রেসপন্স, কখনও এক-দু’টো শব্দের মাধ্যমে তারা নিজেদের কথা প্রকাশ করছে।

আমার মনে হয়, এতে আপত্তির কিছু নেই। কারণ, তারা তাদের বয়স, অভিজ্ঞতা এবং ডিজিটাল এক্সপোজ়ারের ভিত্তিতে একটা নতুন রেসপন্স সিস্টেম তৈরি করছে। আমাদের সময়ে বিজ্ঞাপন দেখার ধরন এক রকম ছিল, আর এখনকার প্রজন্মের বিজ্ঞাপন দেখার ধরন আলাদা। মার্কেটিং পলিসি বদলেছে, যোগাযোগের মাধ্যম বদলেছে, সবকিছুই বদলাচ্ছে। তাই তাদের মধ্যে যদি নতুন ধরনের ভাষা তৈরি হয়, নতুন ধরনের এক্সপ্রেশন আসে, তাহলে আপত্তিটা কোথায়?

আমার আপত্তি তখনই থাকত, যদি তারা আবেগ প্রকাশ করাই ভুলে যেত। যদি তাদের কোনও এক্সপ্রেশনই না থাকত। কিন্তু তাদের এক্সপ্রেশনের চ্যানেলটা আলাদা হতে পারে। তারা হয়তো আমাদের মতো করে কথা বলছে না, কিন্তু নিজেদের মতো করে অনুভূতি প্রকাশ করছে। তাই আমার মনে হয়, এই পরিবর্তনগুলো আমাদের সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত। শুধু তাদের ভাষা শেখার কথা বলছি না, বরং তাদের বোঝার কথা বলছি। আমাদেরও তাদের বুঝতে হবে, আবার তাদেরও আমাদের বুঝতে হবে। যাতে মিলেনিয়াল, জেন জ়ি এবং জেন আলফার মধ্যে যে ব্যবধান তৈরি হচ্ছে, সেটা কমানো যায়।

এর মানে অবশ্য এই নয় যে, কাউকে নিজের ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলতে হবে। আমাদের কারও নিজস্ব পরিচয় হারানোর প্রয়োজন নেই। এই নতুন ভাষা বা কালচার একটা নির্দিষ্ট গোষ্ঠীর তৈরি। তারা কিছু শব্দ তৈরি করেছে, সেগুলো ব্যবহার করছে এবং সেই ভাষার মাধ্যমে নিজেদের গোষ্ঠীর পরিচয় প্রকাশ করছে। কিন্তু জেন জ়ি-র সবাই যে একই ভাষা ব্যবহার করবে, এমনটা নয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মালেই সবাই এই ভাষার অংশ হয়ে যাবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তাদের মধ্যেও কেউ এই শব্দগুলো ব্যবহার করে, কেউ করে না।

এখানে আরও একটা বিষয় রয়েছে। এই প্রজন্মের শিশুরা ডিজিটাল এক্সপোজ়ার বেশি পাচ্ছে, কারণ অনেক সময় আমরা তাদের পর্যাপ্ত সময় দিতে পারছি না। আমি এখনও প্যারেন্ট নই, কিন্তু যারা বাবা-মা, তাদের ক্ষেত্রে বিষয়টা বুঝতে পারি। এখন অনেক পরিবারে দু’জনেই কাজ করেন। তাঁদের সময়ের অভাব থাকে। অনেক সময় বাচ্চা খেতে চাইছে না, তখন তার হাতে একটা মোবাইল বা ট্যাব ধরিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চা দ্রুত কার্টুন দেখছে, স্ক্রিনের নানা ধরনের মুভমেন্ট দেখছে। তাদের চোখের নড়াচড়া, মোটর অ্যাক্টিভিটি — এ সবের উপরেও এই এক্সপোজ়ারের প্রভাব পড়তে পারে।

আমার কাজ যেহেতু আই মুভমেন্ট নিয়ে, তাই এই বিষয়টা আমি বিশেষ ভাবে লক্ষ্য করি। বাচ্চাদের মধ্যে অতিরিক্ত লাফালাফি, অস্থিরতা, মনোযোগের সমস্যা বা এডিএইচডি (ADHD)-র মতো লক্ষণ দেখা গেলে, সেগুলোর সঙ্গে তাদের পরিবেশ ও এক্সপোজ়ারের বিষয়টাও বিবেচনা করা দরকার। তাদের ভাষা, কথাবার্তা এবং আচরণ আলাদা হওয়ার পিছনেও এই এক্সপোজ়ারের ভূমিকা থাকতে পারে। কারণ, তারা অনেক সময় আমাদের কাছ থেকে পর্যাপ্ত সময় বা যোগাযোগ পাচ্ছে না। আমরা তাদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিচ্ছি। বিভিন্ন রোবোটিক অ্যাসিস্টেড টুলস, রোবট বা কথা বলতে পারে এমন ডলসও তাদের সঙ্গী হয়ে উঠছে। এই ডিভাইসগুলো তাদের সঙ্গে কথা বলছে, তাদের সময় কাটাতে সাহায্য করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *