ডুয়ার্সে চা-বাগান, জোনাকি আর নিরিবিলি দু’দিন - 24 Ghanta Bangla News
Home

ডুয়ার্সে চা-বাগান, জোনাকি আর নিরিবিলি দু’দিন

Spread the love

পার্থময় চট্টোপাধ্যায়

কার্তিকের শেষ। রাতের দিকে আর খুব ভোরে শীতের একটা আলতো ছোঁয়া গায়ে এসে লাগছে। শিয়ালদহ থেকে রাত ১০টা ১৫ মিনিটে ছেড়ে দিল দার্জিলিং মেল। ২২টি বগি আর প্রায় দু’হাজার যাত্রী নিয়ে ট্রেন ছুটে চলল রাতের অন্ধকার ভেদ করে উত্তরবঙ্গের দিকে।

রাত যত বাড়ছে, ঘুম ততই চোখের পাতায় ভর করছে। রাত বারোটার পর আর জেগে থাকা যাচ্ছিল না। তাই যে যার বার্থে শুয়ে পড়লাম। সকালে আলুবাড়িতে ঘুম ভাঙল। এখানকার চা আমার ভীষণ প্রিয়। দু-ভাঁড় চা চেয়ে নিয়ে চুমুক দিতে দিতে জানলার বাইরে তাকিয়ে উত্তরবঙ্গের সকাল উপভোগ করতে লাগলাম। কোথাও বিস্তীর্ণ চা-বাগান, কোথাও সবুজ ধানখেত, আবার মাঝে মাঝে এঁকেবেঁকে বয়ে চলেছে নদী। এইসব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে।

স্টেশনের বাইরে জোজো গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। আজ কোথায় থাকা যায়, তা নিয়ে আলোচনা চলছিল। জোজো জানাল, বাতাবাড়িতে মূর্তি নদীর ধারে কোনও একটি কটেজে থাকলে ভালো হয়। সেখান থেকে গরুবাথানের পাহাড় কিংবা ডুয়ার্সের জঙ্গল—সবই হাতের কাছে পাওয়া যাবে।

কথাটা শুনেই মনে পড়ে গেল ডামডিমের কথা। বহু বছর আগে এক চাঁদনি রাতে ডামডিমে কাটিয়েছিলাম। সেই রাতের স্মৃতি আজও মনের মধ্যে বেশ উজ্জ্বল। জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। তাই এ বার আর বাতাবাড়ি নয়, মন টানল সেই পুরোনো ডামডিমের দিকে।

গাড়ি ছুটল গাজোলডোবার দিকে। পথে রাস্তার ধারে এক সুন্দর পরিবেশে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর ওদলবাড়ি পেরিয়ে প্রায় দু-ঘণ্টার যাত্রায় পৌঁছে গেলাম আমাদের ডামডিমের ডেরায়। নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। তবে বাতাসে তখন থেকেই শীতের একটা মিষ্টি অনুভূতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *