চশমা ছাড়তে গোপনে অস্ত্রোপচার, শাবানাকে কেন কিছুই জানতে দেননি জাভেদ? - 24 Ghanta Bangla News
Home

চশমা ছাড়তে গোপনে অস্ত্রোপচার, শাবানাকে কেন কিছুই জানতে দেননি জাভেদ?

Spread the love

স্ত্রী শাবানা আজমির কাছে বিষয়টি একেবারেই গোপন রেখেছিলেন। কারণ, চোখের অস্ত্রোপচারের কথা শুনলেই আপত্তি জানাবেন তিনি। এমনকী দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর অমতেই নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। শাবানা অস্ট্রেলিয়া যেতেই গোপনে করিয়ে ফেললেন চোখের অস্ত্রোপচার। সম্প্রতি এক আলাপচারিতায় সেই মজার অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন বর্ষীয়ান শিল্পী।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি বিশেষ কথোপকথনে অংশ নিয়েছিলেন জাভেদ। সেই আলোচনাটি সঞ্চালনা করেন বৈভব মুঞ্জল। সেখানেই নিজের চোখের অস্ত্রোপচার নিয়ে মুখ খোলেন তিনি।

জাভেদ জানান, প্রায় ১৫-১৬ বছর আগে থেকেই তাঁর দৃষ্টিশক্তির সমস্যা শুরু হয়। চিকিৎসকের পরামর্শে পড়ার জন্য এক জোড়া এবং দূরের জিনিস দেখার জন্য আর এক জোড়া চশমা ব্যবহার করতে হতো তাঁকে। সেই সময়ই এক চিকিৎসক তাঁকে নতুন একটি পদ্ধতির কথা জানান। যার সাহায্যে কাছের ও দূরের দৃষ্টিশক্তি, দুটোই ঠিক করা সম্ভব। চশমার উপর নির্ভরতা কমানোর এই সুযোগ হাতছাড়া করতে চাননি জাভেদ।

কিন্তু শাবানা আজমিকে বিষয়টি জানাতেই আপত্তি করেন অভিনেত্রী। জাভেদের কথায়, তিনি শাবানাকে নতুন চিকিৎসাপদ্ধতির কথা বলেছিলেন। উত্তরে শাবানা তাঁকে বলেছিলেন, ‘তুমি অন্ধ হয়ে যাবে! এসবের মধ্যে যেয়ো না। তুমি কি গ্রিক দেবতা যে চশমা পরতে তোমার সমস্যা হচ্ছে? নিজের বোধবুদ্ধি কাজে লাগাও।’

স্ত্রীর আপত্তি প্রথমে মেনে নিলেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি জাভেদ। বরং শাবানার অগোচরেই অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। শাবানা যখন অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় চিকিৎসকের সঙ্গে সময় ঠিক করেন তিনি। স্ত্রী বিদেশে থাকাকালীনই অস্ত্রোপচার করিয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *