শেখ হাসিনার ফেরা নিয়ে উত্তাল বাংলাদেশ! দু’দিনের লকডাউন আওয়ামি লিগের - 24 Ghanta Bangla News
Home

শেখ হাসিনার ফেরা নিয়ে উত্তাল বাংলাদেশ! দু’দিনের লকডাউন আওয়ামি লিগের

Spread the love


ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন আওয়ামি লিগ নেত্রী। আর সেই ঘোষণার পরেই নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশজুড়ে। রবিবার থেকে দু’দিনের দেশব্যাপী লকডাউন কর্মসূচি শুরু করেছে শেখ হাসিনার দল আওয়ামি লিগ।

কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ, গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া এবং রাস্তায় আগুন জ্বালানোর মতো ঘটনার খবর সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশেষ নজর দেওয়া হয়েছে দেশের দক্ষিণের জেলাগুলির উপর। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোটা দেশে ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আরও দেখুনঃ পদ্মা সেতু অবরোধ ঘিরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ! গুলিতে নিহত ১

বিজিবির প্রকাশ করা ছবি ও ভিডিওতে বাংলাদেশের একাধিক এলাকায় অশান্তির চিত্র উঠে এসেছে। বিশেষ করে গোপালগঞ্জ এবং ফরিদপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর দৃশ্য দেখা গিয়েছে। কোথাও রাস্তার উপর গাছ ফেলে যান চলাচল আটকে দেওয়া হয়েছে, আবার কোথাও রাস্তায় আগুন জ্বালিয়ে তৈরি করা হয়েছে বাধা।

বিজিবির তরফে জানানো হয়েছে, ফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলে অবরোধ তৈরি করা হয়েছিল। ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং রাস্তার বাধা সরিয়ে যান চলাচল পুনরায় চালু করতে বিজিবির সদস্যরা কাজ করছেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে গোপালগঞ্জের গুরুত্ব যথেষ্ট। এই জেলা শেখ হাসিনার (Sheikh Hasina)নিজের এলাকা এবং দীর্ঘদিন ধরেই আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দেশের অন্যান্য জায়গায় দলটির কর্মসূচিতে তুলনামূলকভাবে কম সাড়া মিললেও দক্ষিণ বাংলাদেশের এই অঞ্চলে এখনও সক্রিয় রয়েছেন আওয়ামি লিগের সমর্থকদের একাংশ।

বিভিন্নভাবে রাস্তায় নেমে নিজেদের রাজনৈতিক অবস্থান জানান দিচ্ছেন তাঁরা। ফলে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ, ফরিদপুর-সহ দক্ষিণের জেলাগুলিতে প্রশাসনের উদ্বেগ বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে জন্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।

এই অশান্তির নেপথ্যে রয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসতে চান। উল্লেখযোগ্যভাবে, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে প্রতি বছর এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। সেই বিশেষ দিনকেই দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে বেছে নেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান সরকার স্পষ্ট জানিয়েছে, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁকে কোনও ভ্রমণ নথি বা পাসপোর্ট দেওয়া হবে না। ফলে তিনি কীভাবে দেশে ফিরবেন, তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা।

অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছেও আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে ঢাকা। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে বর্তমান সরকার। ভারত অবশ্য এই প্রসঙ্গে জানিয়েছে, প্রত্যর্পণ এবং কোনও ব্যক্তির নিজের দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি পাওয়ার বিষয় দুটি সম্পূর্ণ আলাদা। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সমীকরণ কোন দিকে এগোয়, সেদিকেও নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *