ভাঙনের পরে বিরোধী জোটে আশঙ্কার মেঘ ক্রস ভোটিংয়ের - 24 Ghanta Bangla News
Home

ভাঙনের পরে বিরোধী জোটে আশঙ্কার মেঘ ক্রস ভোটিংয়ের

Spread the love

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

বিজেপির মাস্টারস্ট্রোকে একেবারে শেষ মুহূর্তে বিরোধী জোট প্রায় ছন্নছাড়া অবস্থায়। সংসদে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বি‍ল পাশে যখন কেন্দ্রের সরকারপক্ষ যখন মরিয়া, তখন কংগ্রেস–সহ ‘ইন্ডিয়া’ শিবিরের প্রতিবাদে ঝাঁজ নেই বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

এই আবহে ডিএমকে, এনসিপির (শরদ) মতো দল খোলাখুলিই বিলকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন। আম আদমি পার্টি ইতিমধ্যেই সরে গিয়েছে বিরোধী জোট থেকে। নবীন পট্টনায়কের দল বিজেডিও বিলকে সমর্থনের আশ্বাস দিয়েছে। কিন্তু নতুন বিলের উপরে ভোটাভুটিতে কি ক্রস ভোটিংও হবে বিরোধী শিবিরে? এমন আশঙ্কাও উড়িয়ে দিতে পারছে না কংগ্রেস–সহ বিরোধী শিবিরের অন্য দলগুলি।

সূত্রের দাবি, এই বিলের সর্বাত্মক বিরোধিতা করা সঠিক হবে, নাকি শর্তসাপেক্ষে সমর্থন দেওয়া যুক্তিযুক্ত হবে— এ নিয়ে কংগ্রেসের অন্দরে প্রবল দ্বিমত দেখা দিয়েছে৷ আসন পুনর্বিন্যাস বিল পাশ হলে দেশের সব রাজ্যের লোকসভা আসন সংখ্যা যখন ৫০ শতাংশ বাড়বে, তখন কেন কংগ্রেস এই বিলে শর্তসাপেক্ষে সমর্থন দেবে না— এই প্রশ্ন তোলা হয়েছে শতাব্দী প্রাচীন দলের স্ট্র্যাটেজি বৈঠকেই, দাবি সূত্রের।

কয়েকজন নেতা এমনও দাবি করেছেন যে, সামগ্রিক ভাবে এই বিলের বিরোধিতা করা হলে তাঁরা মহিলা সংরক্ষণেরও বিরোধী বলে দাগিয়ে দিতে পারবে বিজেপি, যা আখেরে ব্যুমেরাং হতে পারে। কিন্তু এই নেতাদের যুক্তি খারিজ হওয়ার পরেই ক্রস ভোটিংয়ের জল্পনা জোরালো হয়েছে৷ পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপি তথা এনডিএ-র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলা কয়েকজন কংগ্রেস সাংসদ যদি ক্রস ভোটিং করেন, তা হলে অবাক হওয়ার কিছুই থাকবে না— এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷ একই কথা প্রযোজ্য কংগ্রেসের পাশে থাকা অন্য বিরোধীদের ক্ষেত্রেও।

রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, যদি এই সব দলের নেতৃত্ব বিলের বিপক্ষে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করে থাকেন, তা হলেও সাংসদদের একাংশ শারীরিক অসুস্থতা বা জরুরি প্রয়োজনের কারণ দর্শিয়ে ভোটাভুটির সময়ে অনুপস্থিত থেকে শাসকপক্ষের সুবিধে করে দিতে পারেন। শনিবার রাতে দিল্লিতে বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, ‘মমতা–তৃণমূল’ সমেত কয়েকটি বিরোধী দলের একাধিক সাংসদ যে অনুপস্থিত থাকবেন না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন না।

ক্রস ভোটিংয়ের আশঙ্কা থেকে আপাতত অনেকটাই মুক্ত এনডিএ জোট৷ কী ভাবে সংসদের উভয় কক্ষে গোটা বিষয়টি পরিচালিত হবে, এনডিএ সাংসদদের তা হাতেকলমে বোঝানোর জন্য বিজেপির শীর্ষ স্থানীয় চার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর একটি কোর কমিটি গঠন করা হয়েছে বলেই রাজনৈতিক সূত্রের দাবি৷ ইতিমধ্যে শরিক দলগুলির শীর্ষ স্তরের নেতা এবং সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলেছেন বিজেপির এই কোর গ্রুপের সদস্যরা৷

পাশাপাশি আগামিকাল, সোমবার সকালে দিল্লিতে এনডিএ-র বিশেষ বৈঠক ডাকা হয়েছে, যেখানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে৷ আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং নির্দেশের পরে শাসক শিবিরের কোনও সাংসদ ক্রস ভোটিং করবেন না— শনিবার রাতে এমনই দাবি জানানো হয়েছে বিজেপি সূত্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *