সরস্বতীর ছবি ছেঁড়ার ঘটনায় সাসপেন্ড করা হলো মালদার সেই শিক্ষককে, মুখ্যমন্ত্রীর মুখে মকবুল ফিদা হুসেন-প্রসঙ্গ
সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় মালদার চাঁচলের অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক আফতাব উদ্দিনকে সাসপেন্ড করার ইমেল এসেছে শুক্রবারই। শনিবার স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান। আর কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেন, ‘সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রমাণ হলে প্রয়োজনে চাকরিও যাবে।’ স্কুলের অঙ্কন পরীক্ষায় সরস্বতীর ছবি আঁকায় পরীক্ষার্থীর উত্তরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার রাতেই ইমেলে ওই শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ আসে বলে শনিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী।
কী বললেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘মা সরস্বতী শিক্ষার দেবী। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর পুজো হয়। এখানে যদি কেউ কমিউনাল অ্যাঙ্গেল আনার চেষ্টা করেন, এই ভাবে সরস্বতীকে অপমান করেন, ছাড়ব না। এর আগে মকবুল ফিদা হুসেন করেছিলেন, তখন সিপিএমের সরকার ছিল। তাই তিনি বেঁচে গিয়েছিলেন। আমি থাকলে তখন তাঁকে ধরে ঢুকিয়ে দিতাম। এখন মুখ্যমন্ত্রী আমি, তাই যে শিক্ষক এটা করেছেন, বরদাস্ত করব না। রাতেই বলেছিলাম, সাসপেন্ডও হয়েছেন। এখানে দেবদেবীর অপমান করলে ছাড়া হবে না, এ বিষয়ে নিশ্চিন্তে থাকুন। এটাও ঠিক, সব ধর্মের অধিকারও আমরা রক্ষা করি। কোনও ধর্ম পালনের ক্ষেত্রে অন্যদের জিজ্ঞাসা করবেন, কোনও অসুবিধা কিন্তু হচ্ছে না।’
ঘটনাটি কবে ঘটেছে?
মালদার ঐতিহ্যবাহী স্কুল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। শুক্রবার সেখানে তুমুল হইচই হয়। বার্ষিক পরীক্ষা চলছে স্কুলে। শুক্রবার ছিল সপ্তম শ্রেণির অঙ্কন ও কর্মশিক্ষা পরীক্ষা। সপ্তম শ্রেণির পড়ুয়া অঙ্কিত রায় পরীক্ষায় সরস্বতীর ছবি এঁকেছিল। অভিযোগ, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিতে গেলে গার্ডের দায়িত্বে থাকা আরবি ভাষার শিক্ষক আফতাব উদ্দিন তাকে জানান, এই ছবি আঁকা যাবে না। এর পরেই উত্তরপত্র ছিঁড়ে ফেলেন।
কী ভাবে ঘটনা সামনে এল?
বাড়িতে এসে ওই ছাত্র বাবা, মাকে সবটা জানায়। এর পরেই চাঁচল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা কমল রায়। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি এবং বরখাস্তের দাবিতে স্কুলে জমায়েত হন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরের বাইরে চলতে থাকে বিক্ষোভ। তখনকার মতো মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আলি-সহ চাঁচল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। এর পরে রাতেই সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে।