শাড়ি পরে কংগ্রেসে মনোনয়ন! পোশাক-সই বদলে ফুসলিয়ে নিয়ে গিয়ে পঞ্চায়েত প্রধান করল বিজেপি

জয়সলমীর: রাজনীতির ময়দানে দলবদলের ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এক জনই প্রার্থী (Panchayat Nomination)একই পদের জন্য ঘন ঘন পোশাক ও সই বদলে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস এবং নির্দল হিসেবে মোট তিনটি মনোনয়নপত্র জমা দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটল রাজস্থানের ডিগ জেলায়।
জেলার ব্রজনগর পঞ্চায়েত সমিতির প্রধান পদের নির্বাচনে বাত্তি কুমারী গুর্জর নামে এক মহিলা প্রার্থীর এই কাণ্ডে গোটা রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। আশ্চর্যের বিষয় হল, বিজেপি এবং কংগ্রেস উভয় দলই তাঁকে নিজেদের দলীয় প্রতীক বরাদ্দ করেছিল।
শেষ পর্যন্ত নাটকীয় মোড় ঘুরিয়ে তিনি কংগ্রেস ও নির্দল প্রার্থীপদ প্রত্যাহার করে নেন এবং বিজেপির ‘পদ্ম’ প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতির প্রধান নির্বাচিত হন। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াজিব আলি। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রজনগর পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বাত্তি কুমারী গুর্জর।
আরও দেখুনঃ পাকিস্তানের দখলমুক্ত হলেই PoK-তে সীমানা নির্ধারণ করার ক্ষমতা পাবে নির্বাচন কমিশন!
শুক্রবার পঞ্চায়েত সমিতির প্রধান পদের মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। (Panchayat Nomination)প্রথমে তিনি লাল শাড়ি পরে এবং মাথায় লম্বা ঘোমটা টেনে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াজিব আলির উপস্থিতিতে কংগ্রেস প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু এর ঠিক কিছুক্ষণের মধ্যেই শুরু হয় আসল নাটক। অভিযোগ, নিজের পরিচয় গোপন রাখতে তিনি পোশাক পরিবর্তন করেন।
এরপর সালোয়ার-কামিজ ও ওড়নায় মুখ ঢেকে বিজেপি নেতা জওহর সিং বেধামের সঙ্গে নির্বাচন দপ্তরে হাজির হন এবং বিজেপি প্রার্থী হিসেবে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেন। এখানেই শেষ নয়, অপর একটি পোশাকে এসে তিনি নির্দল প্রার্থী হিসেবেও তৃতীয় মনোনয়নপত্রটি দাখিল করেন। অভিযোগ উঠেছে, প্রতিবারই আধিকারিকদের চোখে ধুলো দিতে তিনি আলাদা আলাদা সই ব্যবহার করেছিলেন। বাত্তি কুমারী ছাড়া ওই পদের জন্য আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় নির্বাচন একতরফা হয়ে পড়ে।
পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহারের সময় তিনি কংগ্রেস এবং নির্দল এই দুটি মনোনয়নপত্র তুলে নেন। (Panchayat Nomination)ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার তাঁকে বিজেপির প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, বাত্তি কুমারীর শ্বশুর অর্জুন প্রধান পূর্বে এই ব্রজনগর পঞ্চায়েত সমিতির প্রধান ছিলেন এবং পুরো নির্বাচনী কৌশলের নেপথ্যে তাঁরই বড় ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে। এই নজিরবিহীন ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস শিবির।
প্রাক্তন বিধায়ক ওয়াজিব আলি বিজেপির বিরুদ্ধে অর্থবল ও সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, বাত্তি কুমারী শাড়ি পরে তাঁদের সঙ্গে এসে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন; কিন্তু বিজেপি তাঁকে ফুসলিয়ে পোশাক বদলে নিজেদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। দলের এই বিপর্যয়ের নৈতিক দায় নিয়ে তিনি প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন।
অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি সতীশ বনসল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে একে দলের ‘দুর্দান্ত জয়’ বলে দাবি করেছেন। তবে একই ব্যক্তি কীভাবে পরিচয় ও সই বদলে তিনভাবে মনোনয়ন জমা দিলেন এবং নির্বাচন আধিকারিকদের নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশাসনিক স্তরে তদন্তের দাবি উঠেছে।