দিল্লি-NCR-এ নাশকতার ছক বানচাল! জইশ সন্দেহে গ্রেফতার এক, তদন্তে ISI যোগের ইঙ্গিত

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে গোপন অভিযানে এক সন্দেহভাজন জঙ্গিকে পাকড়াও করল গোয়েন্দা সংস্থা। পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর সঙ্গে ওই ধৃতের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। অভিযোগ, সমাজমাধ্যমের আড়ালে তরুণ প্রজন্মকে উস্কানি দিয়ে নাশকতার ছক কষছিল সে। পরবর্তী জেরার জন্য অভিযুক্তকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে তুলে দেওয়া হয়েছে।
ডিজিটাল নেটওয়ার্ক ও লালকেল্লার ছায়া
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে ‘উমর’ ছদ্মনামে সক্রিয় ছিল ওই অভিযুক্ত। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামের মতো মাধ্যম ব্যবহার করে একাধিক যুবকের সংস্পর্শে এসেছিল সে এবং তাদের জঙ্গি কার্যকলাপে প্ররোচিত করত। তদন্তে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-মদতপুষ্ট একটি ডিজিটাল নেটওয়ার্কের হদিশ মিলেছে। এই চক্রে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো কাউকে নতুন করে গ্রেপ্তার করা হয়নি। পাকিস্তানে থাকা ধৃতের কথিত হ্যান্ডলার বা পরিচালকের খোঁজ চালাচ্ছেন নিরাপত্তা আধিকারিকরা। সূত্রের খবর, গত বছর লালকেল্লার কাছাকাছি ঘটে যাওয়া বিস্ফোরণের ধাঁচে নতুন করে নাশকতা ঘটানোর আশঙ্কা তৈরি হয়েছিল গোয়েন্দাদের মনে।
ভদোদরার ঘটনার সঙ্গে যোগসূত্রের অনুসন্ধান
দিল্লি পুলিশের স্পেশাল সেল এখন খতিয়ে দেখছে, ধৃত এই যুবকের সঙ্গে শুক্রবার গুজরাটের ভদোদরায় ধৃত সন্দেহভাজন জইশ সদস্যের কোনো যোগাযোগ ছিল কি না। উল্লেখ্য, গোপন তথ্যের ভিত্তিতে ভদোদরার জারোদ বাসস্ট্যান্ড এলাকা থেকে মহম্মদ সাহারুল ইসলাম অসম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল গুজরাট সন্ত্রাসদমন শাখা (ATS)। অসমের মূল বাসিন্দা ওই ধৃতের কাছ থেকে একটি একে-৪৭ (AK-47) রাইফেল ও ২৩টি তাজা গুলি উদ্ধার হয়েছিল।
অস্ত্রের জোগানদাতা কারা, গুজরাটে কার হাতে সেই আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার কথা ছিল এবং নেপথ্যে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা জানতে দফায় দফায় জেরা চলছে সাহারুলকে। একইসঙ্গে দিল্লি ও গুজরাটের এই দুই ঘটনার মধ্যে কোনো প্রাতিষ্ঠানিক বা রিক্রুটমেন্ট নেটওয়ার্কের যোগ রয়েছে কি না, তা সবদিক দিয়ে খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
সাগরে ঘূর্ণাবর্ত! কবে থেকে হু হু করে নামবে পারদ, কী জানাল হাওয়া অফিস?
ধাবায় গ্যাংওয়ারে চার খুন! সানির সঙ্গী রহস্যময়ী মহিলাকে ঘিরে চাঞ্চল্য