জুম্মার নমাজের জন্য আর শুক্রবার ছুটি নয়, মাদ্রাসায় নতুন নিয়ম চালু

কলকাতা: রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটির নিয়মে বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। এতদিন যে সমস্ত মাদ্রাসায় শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত, এবার থেকে সেখানে রবিবার ছুটি দিতে হবে। রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই নতুন নিয়মে সোমবার থেকে শনিবার পর্যন্ত ক্লাস চলবে। প্রশাসনিক কাজকর্মও চালু রাখতে হবে এই ছয় দিন। নির্দেশটি অবিলম্বে কার্যকর করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ।
গত ২৭ নভেম্বর, শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। সেখানে রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত সমস্ত মাদ্রাসাকে সরকারি শিক্ষা ক্যালেন্ডার মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, রবিবার হবে সাপ্তাহিক ছুটির দিন। তবে নির্ধারিত ধর্মীয় উৎসব এবং সরকারি ছুটির দিনগুলি এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের বেশ কয়েকটি মাদ্রাসায় এতদিন শুক্রবার ছুটি থাকত। জুম্মার নমাজের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু ছিল। পরিবর্তে রবিবার অন্যান্য দিনের মতোই ক্লাস চলত। নতুন নির্দেশ কার্যকর হলে সেই নিয়মে আর ছাড় থাকবে না। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নিয়মিত পঠনপাঠন ও প্রশাসনিক কাজ চালাতে হবে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে।
শিক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তনের উদ্যোগের মধ্যেই মাদ্রাসার ছুটি নিয়ে এই সিদ্ধান্ত সামনে এল। সম্প্রতি স্কুলের ফি, পোশাক এবং সিলেবাস সংক্রান্ত বিভিন্ন বিষয়েও পরিবর্তন এনেছে রাজ্য সরকার। এর আগে গত সেপ্টেম্বর মাসে রাজ্যের ২২টি জেলায় একাধিক অস্বীকৃত মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। নথিপত্রে অসঙ্গতি, পরিকাঠামোর ঘাটতি, শিক্ষক-পড়ুয়ার অনুপাত এবং অর্থের উৎস নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে ওই পদক্ষেপ করা হয়।
এবার স্বীকৃত মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটির দিন বদলের নির্দেশ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নিয়ম কার্যকর হলে শুক্রবার আর সাপ্তাহিক ছুটির দিন হিসেবে গণ্য হবে না। রবিবারই বন্ধ থাকবে রাজ্যের অনুমোদিত মাদ্রাসাগুলি।
শুভেন্দুর সঙ্গে বৈঠক শতাব্দীর, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী জানালেন সাংসদ?
বাংলাদেশ-নেপাল ভুটানের কাছে চিকিৎসা পর্যটনের স্বর্গ হতে চলেছে পশ্চিমবঙ্গ