TV9 বাংলা EXCLUSIVE: ‘আমি ধাপে ধাপে এগোতে চাই…’, CAB লিগে ৬ বলে ৬ ছক্কা মেরেও নির্লিপ্ত হাবড়ার অঙ্কন! | Ankan Aich exclusive interview after hitting 6 sixes in an over in CAB 2nd Division League
অঙ্কন আইচImage Credit: TV9 Bangla
কলকাতা: আজ, শুক্রবার বিকেলেই দুর্দান্ত একটি কীর্তি ঘটিয়েছেন তিনি। সিএবি দ্বিতীয় ডিভিশন লিগে ৬ বলে ৬ ছক্কা মেরে ইতিমধ্যেই চর্চায় হাবড়ার বছর কুড়ির অঙ্কন আইচ। কাস্টমস মাঠে ২৩৬ রানের দুরন্ত ইনিংস খেলার পথে এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন তিনি। অথচ, এই রকম কীর্তি ঘটিয়েও গলায় কোনও তাপ-উত্তাপ নেই। বরং, প্রচন্ড নির্লিপ্ত, শান্ত গলায় কথা বললেন টিভি৯ বাংলার সঙ্গে। বললেন নিজের স্বপ্নের কথা, কোচেদের কথা, সতীর্থের কথা। শুনলেন সোমনাথ ব্যানার্জী।
৫ বছর বয়স থেকেই ক্রিকেট খেলার শুরু করেছিলেন অঙ্কন। শুরুতে খেলতেন ভাইয়ের সঙ্গে। ভাইয়ের সঙ্গে খেলতে খেলতেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয়। তারপরই বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। তাঁর ভাইও ক্রিকেটার। সে খেলে ফার্স্ট ডিভিশনে, অঙ্কন খেলেন দ্বিতীয় ডিভিশনে। ব্যাটিং ও লেগস্পিন বল করার সঙ্গে একই সঙ্গে পড়াশোনাও করেন। সেই নিয়ে প্রশ্ন করতেই অঙ্কনের সাফ জবাব, “আমি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফিলোজফি অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছি। তবে আমার ক্রিকেটের সঙ্গে পড়াশোনা করতে একটু সমস্যা হয়। তবে চেষ্টা করি দুটোই চালিয়ে যেতে। পরীক্ষার সময় ম্যাচ থাকলে কলেজের প্রফেসরদের সঙ্গে কথা বলি, প্রয়োজনে চিঠিও দিয়ে দিই।”
আজকের অবিশ্বাস্য ইনিংসে করেছেন ২৩৬ রান। মেরেছেন ১৩টি চার ও ২৫টি ছক্কা। কীকরে করলেন? কখন ভাবলেন যে এবার পাল্টা আক্রমণ করা দরকার? সেই নিয়ে অঙ্কন বললেন, “যখন ২০০ রান হয়ে গিয়েছিল, তখন থেকেই আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমি পারব। সেই মতোই আক্রমণ করেছি ও বাকিটা হয়ে গিয়েছে। একটা ইচ্ছে ছিল, ৬ বলে ৬টা ছক্কা মারব। ভাগ্য ভাল যে সেই ইচ্ছে পূরণ হয়েছে। ২৫০ বা ৩০০ করতে না পারার জন্য বিশেষ কোনও আক্ষেপ নেই। আসলে হাতে খুব বেশি ওভার বাকি ছিল না। যতটা সময় পেয়েছি, পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করেছি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। এক ইনিংসে এতগুলো ছয় মারতে পেরেছি, ডাবল সেঞ্চুরি করেছি – এগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। আমি সব সময় প্রতিটি বল দেখে খেলার চেষ্টা করি। কখনও একসঙ্গে কিছু ভাবি না। যে বলটা আসছে, সেটার দিকে মনোযোগ বেশি থাকে।” অঙ্কনের সঙ্গেই আজ ২০৪ রানের দুরন্ত ইনিংস খেললেন আয়াজ উদ্দিন সিদ্দিক। তাঁকেও নিজের বড় রানের জন্য কৃতিত্ব দিয়ে অঙ্কন বললেন, “ও (আয়াজ) আমার সঙ্গে ছিল বলেই আমি এত রান সহজভাবে করতে পেরেছি। ওর সঙ্গে পার্টনারশিপটা আমার ইনিংসে একটা বড় ভূমিকা পালন করেছে।”
যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডের ওভারে করেছিলেন ৩৬ রান। অঙ্কন এক ওভারে করলেন ৩৭ রান। তবে রেকর্ড যাই হোক, অঙ্কন এখনই নিজেকে ওই সারিতে বসাতে নারাজ। তাঁর সাফ কথা, “আমি এখনও ওঁদের পর্যায়ে পৌঁছতে পারিনি। তবে এত বড় বড় ক্রিকেটারের সঙ্গে আমার নামও এই রেকর্ডের প্রসঙ্গে উচ্চারিত হচ্ছে, এটা ভীষণ আনন্দের। এক ওভারে ৩৭ রান করতে পেরে খুব আনন্দিত আমি।” বলেই সতর্ক বছর ২০-র কিশোর। সঙ্গে সঙ্গে বললেন, “আমি ধাপে ধাপে এগোতে চাই। এই বছর ভাল পারফরম্যান্স করে আগামী বছর ফার্স্ট ডিভিশনে খেলতে চাই। তারপর সুপার ডিভিশন এবং আরও ভাল খেলার ইচ্ছে আছে। রঞ্জি ট্রফিও খেলতে চাই।”
এই বয়সেই প্রতিদিন ১ থেকে দেড় ঘন্টা জিম করেন অঙ্কন। মেপে খাওয়া দাওয়া করেন। প্রতিদিন ৪টি করে ডিম খান। তাও নিজের পরিবার ও কোচদের কৃতিত্ব দিতে ভুললেন না। সাফ বলে দিলেন, “পরিবারের সাপোর্ট ছাড়া আজ আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। বাবা, মা-সহ বাড়ির সবাই পড়াশোনার থেকে ক্রিকেটকে বেশি গুরুত্ব দিয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় উৎসাহ দিয়েছে। আমার কোচ ও বন্ধুরাও অনেক সাহায্য করেছেন।” কোচদের কথা বললেও কোনও একজন কোচের নাম নিলেন না কীর্তিমান কিশোর। বললেন, “বিভিন্ন সময়ে বিভিন্ন কোচের কাছে শিখেছি। কার্তিকদার কাছে হোক বা শিলাদিত্য মজুমদার – এঁরা দুজনে আমার ক্রিকেটজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আব্দুল স্যার, মোহনলাল ক্লাবের কোচ মনীশ স্যার, সৈকত স্যার ও বিজয় স্যারের অবদান গুরুত্বপূর্ণ।”
সামনেই শুরু হতে চলেছে আইপিএল। কাকে সাপোর্ট করেন? অঙ্কনের সাফ জবাব, “পছন্দের ক্রিকেটার বিরাট কোহলি তাই আরসিবি। লেগ স্পিন করার দরুন যুজবেন্দ্র চাহল, আদিল রশিদ ও শেন ওয়ার্নও পছন্দের ক্রিকেটার। আসলে আমি ধাপে ধাপে পদক্ষেপ করতে চাই। ভবিষ্যতে আইপিএল ও ভারতীয় দলের হয়েও খেলার ইচ্ছে আছে।” নিজের স্বপ্নগুলো পূরণ করতে কঠোর পরিশ্রম করতে তৈরি অঙ্কন, যাতে তাঁর প্রতিভার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে রাজ্যের নাম আরও একবার অঙ্কন করা যায়।