President Droupadi Murmu: সবুজ সংকেত দিলেন রাষ্ট্রপতি, ডিলিমিটেশন বিল বিবেচনার সুপারিশ দ্রৌপদীর | President Droupadi Murmu recommends Lok Sabha consider delimitation bill proposing 50 percent more seats - 24 Ghanta Bangla News
Home

President Droupadi Murmu: সবুজ সংকেত দিলেন রাষ্ট্রপতি, ডিলিমিটেশন বিল বিবেচনার সুপারিশ দ্রৌপদীর | President Droupadi Murmu recommends Lok Sabha consider delimitation bill proposing 50 percent more seats

Spread the love

President Droupadi Murmu: সবুজ সংকেত দিলেন রাষ্ট্রপতি, ডিলিমিটেশন বিল বিবেচনার সুপারিশ দ্রৌপদীর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি: লোকসভায় আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে তোড়জোড় করছে কেন্দ্র। সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এবার সংসদে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনায় সবুজ সংকেত দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার আসন পুনর্বিন্যায় বিল, ২০২৬ বিবেচনার জন্য লোকসভাকে সুপারিশ করেছেন রাষ্ট্রপতি। সংবিধানের ১১৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী এই সুপারিশ করা হয়েছে। এর ঠিক একদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটির খসড়ায় অনুমোদন দিয়েছিল। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চার দিনের বিশেষ অধিবেশন বসতে চলেছে লোকসভায়। তার আগেই রাষ্ট্রপতির এই সুপারিশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই বিশেষ অধিবেশনেই ডিলিমিটেশন বিল এবং সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, ২০২৬ পেশ করার কথা কেন্দ্রীয় সরকারের। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস-র হাতে আসা বিলের খসড়া অনুযায়ী, প্রস্তাবে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বরাদ্দ লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। একইভাবে প্রতিটি রাজ্যের বিধানসভাতেও আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে?

সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদে অর্থ সংক্রান্ত বিলের ক্ষেত্রে বিশেষ বিধানের কথা উল্লেখ রয়েছে। বার অ্যান্ড বেঞ্চ-র প্রতিবেদন অনুযায়ী, ১১৭(৩) অনুচ্ছেদ এমন কোনও বিলের ক্ষেত্রে প্রযোজ্য, যা আইনে পরিণত হয়ে কার্যকর হলে ভারতের সঞ্চিত তহবিল (Consolidated Fund of India) থেকে অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। এই ধরনের বিল সংসদের যে কোনও কক্ষে পাশ করানোর আগে রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন। রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কক্ষে বিলটি বিবেচনার জন্য সুপারিশ করার পরেই তা পাশের প্রক্রিয়া এগোতে পারে।

লোকসভায় আসন সংখ্যা কত হতে পারে?

প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে লোকসভার আসন সংখ্যা বেড়ে সর্বোচ্চ ৮৫০ হতে পারে। এর মধ্যে রাজ্যগুলির জন্য সর্বোচ্চ ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন বরাদ্দের প্রস্তাব রয়েছে। সংবিধান সংশোধনীতে ২০৫১ সাল পর্যন্ত লোকসভায় প্রতিটি রাজ্যের বর্তমান আসন অনুপাত বজায় রাখার কথা বলা হয়েছে। ১৯৭৬ সাল থেকে লোকসভায় রাজ্যগুলির আসন বণ্টনের ভিত্তি হিসেবে ১৯৭১ সালের জনগণনাকে ব্যবহার করা হচ্ছে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, প্রতিটি রাজ্যের আসন সংখ্যা একই হারে বাড়ানো হবে। এর ফলে লোকসভায় রাজ্যগুলির বর্তমান আসন অনুপাত অপরিবর্তিত থাকবে, তবে প্রত্যেক রাজ্যের আসন সংখ্যাই বাড়বে।

কীভাবে বদলাতে পারে লোকসভা কেন্দ্রের সীমানা?

রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের পাশাপাশি প্রতিটি রাজ্যের অভ্যন্তরে লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের জন্য আলাদা জনগণনার তথ্য ব্যবহারের প্রস্তাব রয়েছে। সংশোধনী কার্যকর হওয়ার সময় সর্বশেষ উপলব্ধ জনগণনার তথ্যের ভিত্তিতে এই ডিলিমিটেশন করা হবে। বর্তমানে লোকসভা কেন্দ্রগুলির সীমানা নির্ধারিত হয়েছে ২০০১ সালের জনগণনার ভিত্তিতে।

অন্যদিকে, ২০২৭ সালের জনগণনার কাজ এখনও চলছে। ফলে সংশোধনী কার্যকর হওয়ার পর নতুন জনগণনার তথ্য প্রকাশের আগেই ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হলে ২০১১ সালের জনগণনার তথ্যই সীমানা পুনর্নির্ধারণের ভিত্তি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *