Leader of Opposition: বেশি সংখ্যক বিধায়ক থাকলেই কি বিরোধী দলনেতা হওয়া যায়? আদালতের কী যুক্তি? | One can be leader of opposition if he gets majority support
কলকাতা: ভোট পরবর্তী বাংলায় এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। ৪ মে-র পর ধাপে ধাপে ভাঙতে শুরু করে তৃণমূল কংগ্রেস। শুরুতে কিছু ক্ষোভ-বিক্ষোভের কথা শোনা যাচ্ছিল ঠিকই, তবে একসঙ্গে ৫০ জনের বেশি বিধায়কের বিদ্রোহী হয়ে শিবির বদলের ঘটনা ছিল রীতমতো চমকপ্রদ। ৫৮ জনের সমর্থন নিয়ে স্পিকারের অনুমোদনে বিরোধী দলনেতাও হয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্টের রায়ে সেই পদ বাতিল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, বেশি সংখ্যায় বিধায়ক সঙ্গে থাকলেই কি বিরোধী দলনেতা হওয়া যায়?
কোনও রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত বিধায়কদের নিয়ে বিধানসভার ভিতরে যে গোষ্ঠী তৈরি হয়, তাকে Legislature Party বা পরিষদীয় দল বলে। তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এই ৮০ জন বিধায়ককে নিয়েই তৈরি হয় পরিষদীয় দল।
এবার প্রশ্ন হল, বিধানসভায় দলনেতা ও চিফ হুইপ কে ঠিক করেন? এই প্রশ্নে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল, কোনও রাজনৈতিক দলের চিফ হুইপ ও পরিষদীয় দলই নেতা নিয়োগ করবে। স্পিকারকে রাজনৈতিক দলের সংবিধান ও নিয়ম অনুসারে দেখতে হবে যে নেতা হিসেবে অনুমোদন পাওয়ার যোগ্য।
অর্থাৎ বিধায়কদের একটি গোষ্ঠী বা শিবির নিজেদের সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেই তারা কোনও রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি হয়ে যায় না।
এই ক্ষেত্রে ৮০ জনের দলের ৫৮ জন একটি আলাদা সিদ্ধান্ত নিয়েছেন। এই ক্ষেত্রে রাজনৈতিক দলের সাংগঠনিক নেতৃত্ব যদি অন্য কাউকে অনুমোদন দেয়, তাহলে শুধু ৫৮ জনের সংখ্যার ভিত্তিতে তাঁদের সিদ্ধান্তকে দলের সিদ্ধান্ত বলে ধরে নেওয়া যাবে কি? সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজনৈতিক দলের সংবিধান ও অনুমোদনের বিষয়টি পরীক্ষা করা জরুরি। এই কারণেই কলকাতা হাইকোর্ট মনে করছে, স্পিকারের উচিত ছিল, তৃণমূলের সংবিধান ও নিয়ম অনুসারে একটি তদন্ত করা।
এ ক্ষেত্রে ১০ শতাংশের নিয়ম কী? সেই প্রশ্নও উঠেছে। আদতে এটি খুব গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক বিষয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সংবিধানের Article 189(3) অনুযায়ী, বিধানসভার বৈঠক পরিচালনার জন্য ন্যূনতম সদস্যসংখ্যা লাগে ১০ শতাংশ, অর্থাৎ এ ক্ষেত্রে ৩০ জন।
এই ১০ শতাংশের যুক্তি তুলে ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আদালতে বলা হয়েছিল যে, ৫৮ জন বিধায়ক তাঁদের সমর্থন করছেন। ফলে তাঁরা ন্যূনতম সংখ্যার শর্তপূরণ করেছেন। কিন্তু আদালত এই যুক্তি পুরোপুরি গ্রহণ করেনি। কারণ আদালতের মতে, এখানে প্রশ্ন শুধু ৩০ জন বিধায়কের প্রশ্ন নয়। আসল প্রশ্ন হল, ওই ৫৮ জন কি রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি হিসেবে সিদ্ধান্ত নিচ্ছেন? আদালত আরও বলেছে, ১০ শতাংশের নিয়মের কথা স্পিকার তাঁর ৩ জুনের নির্দেশিকায় উল্লেখ করেননি। পরে আদালতে সেই যুক্তি তুলে ধরা হয়েছে। আদালতের বক্তব্য, শুধু ৫৮ জনের সংখ্যা দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না। পুরো রাজনৈতিক দলের অবস্থান ও দলীয় সংবিধান বিবেচনা করতে হবে।