King Movie Bengali Dialogue: পাশে দাঁড়িয়ে শাহরুখ, বাংলায় কিং ছবির সংলাপ বলে সুপারহিট নীল ভট্টাচার্য | Neel bhattacharya shah rukh khan king bengali dialogue viral video - 24 Ghanta Bangla News
Home

King Movie Bengali Dialogue: পাশে দাঁড়িয়ে শাহরুখ, বাংলায় কিং ছবির সংলাপ বলে সুপারহিট নীল ভট্টাচার্য | Neel bhattacharya shah rukh khan king bengali dialogue viral video

Spread the love

আইপিএল এলেই কলকাতা নাইট রাইডার্সের প্রতি নীল ভট্টাচার্যের অগাধ ভালোবাসার কথা সবারই জানা। প্রতি বছর ক্রিকেট মরশুমে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাঁটলেই কেকেআর-প্রীতির নানা ঝলক চোখে পড়ে। তবে শুধুই কেকেআর নয়, এখনও শাহরুখের ছবি রিলিজ করলেই, নীল তা দেখেন একেবারে ফার্স্ট ডে ফার্স্ট শো। এতটাই শাহরুখ ভক্তি তাঁর। আর এবার একেবারে বলিউড বাদশার সঙ্গে একমঞ্চে দেখা গেল বাংলার এই জনপ্রিয় টেলি-তারকাকে। মুম্বইয়ের আসরে শাহরুখ খানের সামনে বাংলায় ‘কিং’ ছবির সংলাপ বলে রীতিমতো চমকে দিয়েছেন নীল। তাঁর মুখে মাতৃভাষার সংলাপ শুনে আপ্লুত শাহরুখ যেভাবে তাঁকে জড়িয়ে ধরেছেন, সেই ছবি ও ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

শুক্রবার, ২৮ নভেম্বর ‘বিগ ফ্রাইডে’ উপলক্ষে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর গান ‘ড্যাডি কুল’। সেই গানের উদ্বোধনী অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন নীল ভট্টাচার্য। দেশের প্রথম সারির একাধিক কনটেন্ট ক্রিয়েটরের মাঝে দাঁড়িয়ে বাদশার সঙ্গে মঞ্চ ভাগ করে নেন তিনি। আর সেখানেই নিজের উপস্থিতি ও বাংলায় কথা বলার মধ্য দিয়ে আলাদা করে নজর কেড়ে নেন নীল। প্রিয় তারকার সান্নিধ্য পাওয়ার পাশাপাশি ‘কিং’-এর সংলাপ পরিবেশন করে শাহরুখের প্রশংসা ও স্নেহও কুড়িয়েছেন তিনি।

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাহরুখ খানের ঠিক পাশেই দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নীল বলছেন, “আমি খুনি না বাবুমশাই, আমি প্রেমিক। আর আমার চোখ শুধু সোনাকে খোঁজে। আর যেই প্রেমিক বুকে আগুনই না লাগাতে পারে, সে আবার কীসের প্রেমিক রে পাগলা?” ছবিটির এই জনপ্রিয় সংলাপ নীলের কণ্ঠে শুনে দারুণ উচ্ছ্বসিত হয়ে ওঠেন শাহরুখ। কলকাতার প্রতি তাঁর যে বরাবরই এক আলাদা টান রয়েছে— শহরটিকে তিনি যে নিজের আরেক ঘর বলে মানেন— তা একাধিকবার প্রকাশ্যে বলেছেন কিং খান। এদিনও বাংলার সংলাপ শুনে ‘কেকেআর’ বলে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি। সংলাপ শেষ হতেই নীলকে সাদরে বুকে টেনে নেন বলিউড সুপারস্টার। শাহরুখ ও নীলের এই আন্তরিক মুহূর্তই এখন বিনোদন দুনিয়ার অন্যতম চর্চিত বিষয়। গোটা ঘটনা নিয়ে উচ্ছ্বসিত নীল জানিয়েছেন, এই দিনটি তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কার্যত তাঁর ‘জীবনের সেরা দিন’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *