সেমেস্টার চালু করেও বাড়ল না নম্বর, HS-এ ৯০%-র বেশি পেল মাত্র ১.৪৮% - 24 Ghanta Bangla News
Home

সেমেস্টার চালু করেও বাড়ল না নম্বর, HS-এ ৯০%-র বেশি পেল মাত্র ১.৪৮%

Spread the love

রাজ্য বোর্ডের পড়ুয়ারাও যাতে কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়াদের মতো নম্বর পেতে পারে, সেই লক্ষ্যে আগের সরকারের আমলে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছিল সেমেস্টার পদ্ধতি। তার জন্য ছোট প্রশ্ন বা মাল্টিপল চয়েজ় কোয়েশ্চেন আনা হয়েছে। যেমন তৃতীয় সেমেস্টারে, এখানে পুরোটাই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (MCQ) হওয়ায় পরীক্ষার্থীরা তুলনায় অনেকটাই বেশি নম্বর পাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু পরপর দুই বছরের ফলাফল সেই প্রত্যাশা পূরণ করতে পারল না। ২০২৫-এর পর ২০২৬ সালেও ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়েনি। চলতি বছর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে বসা মোট পরীক্ষার্থীর মাত্র ১.৪৮ শতাংশ এই নম্বর (৯০ শতাংশ বা তার বেশি) পেয়েছে। অন্যদিকে, ৫৫ শতাংশ পড়ুয়ার নম্বরই রয়েছে ৬০ শতাংশের নীচে। ফলে সেমেস্টার পদ্ধতি চালু করে আদৌ কতটা লাভ হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শিক্ষা মহলে।

কলা বিভাগে পাশের হার কম:

চলতি বছরের ফলাফলে আরও একটি বিষয় নজর কেড়েছে শিক্ষাবিদদের। তা হল, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের তুলনায় কলা বিভাগের পাশের হার অনেকটাই কম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ১ লক্ষ ১৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৯৮ শতাংশ। বাণিজ্য বিভাগে ৪৩ হাজার ৬১২ জন পরীক্ষার্থীর পাশের হার ৯৮.১১ শতাংশ। সেখানে কলা বিভাগে ৫ লক্ষ ৪৩ হাজার ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার ৯১ শতাংশ। অর্থাৎ, বিজ্ঞান ও বাণিজ্যের তুলনায় কলা বিভাগে পাশের হার প্রায় ৭ শতাংশ কম। যদিও পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে কলা বিভাগই সবচেয়ে বড়।

কেন কলা বিভাগে পাশের হার তুলনায় কম?

এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব শুভজিৎ ধর বলেন, ‘মাধ্যমিকে ভালো ফল করা ছেলেমেয়েদের একটা বড় অংশের প্রথম ও দ্বিতীয় পছন্দ বিজ্ঞান এবং কমার্স। তার পরে যারা থাকে, তারা বেছে নেয় কলা শাখা। ফলে মেধার নিরিখে কোথাও সমস্যা হচ্ছে কি না, আমাদের পর্যালোচনা করতে হবে।’

তবে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন টাকি বয়েজ় স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক। তাঁর বক্তব্য, ‘আমার অভিজ্ঞতা বলে, ভালো নম্বর পাওয়া পড়ুয়াদের অনেকেই কিন্তু আর্টস নিয়ে পড়ে।’ তাহলে কলা বিভাগে পাশের হার কম হওয়ার কারণ কী? স্বাগতার ব্যাখ্যা, একাদশ শ্রেণিতে অনেক নতুন বিষয় পড়ানো হচ্ছে। সেগুলি সম্পর্কে যথেষ্ট ধারণা না নিয়েই অনেকে বিষয় বেছে নিচ্ছে। বিশেষ করে কলা বিভাগের পড়ুয়ারা এই সমস্যায় পড়ছে। ফলে পরবর্তী সময়ে পরীক্ষায় ভালো ফল করতে পারছে না তারা। পাশাপাশি, একাধিক বিষয়ের বইও এ বছর সময়মতো হাতে পায়নি পড়ুয়ারা। তার প্রভাব সামগ্রিক ফলাফলে পড়েছে বলে মনে করছেন তিনি।

অন্যদিকে, সিবিএসই ও আইসিএসই-র মতো কেন্দ্রীয় বোর্ডে যেখানে ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা তুলনায় বেশি, সেখানে রাজ্য বোর্ডে সেমেস্টার পদ্ধতি চালুর পরেও কেন সেই প্রবণতা দেখা যাচ্ছে না, সেই প্রশ্ন উঠছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিতকুমার মণ্ডল বলেন, ‘গত বার এই সংখ্যা ছিল ০.৪৮ শতাংশ। সেখান থেকে প্রায় ১ শতাংশ বেড়েছে। আশা করি, আগামী দিনে আরও বাড়বে।’

তবে সেমেস্টার পদ্ধতি আদৌ চালু রাখা প্রয়োজন কি না, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে সংসদ। এ বিষয়ে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং পড়ুয়াদের মতামত সংগ্রহ করা হচ্ছে। রাজ্যের যে স্কুলগুলিতে ফলাফল খারাপ হয়েছে, সেখানেও খোঁজখবর নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ কর্তারা।

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্যের অবশ্য অভিযোগ, তৃতীয় সেমেস্টার নিয়ে পড়ুয়াদের একাংশ যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তাঁর কথায়, ‘ছেলেমেয়েরা তৃতীয় সেমেস্টার নিয়ে গা-ছাড়া মনোভাব দেখিয়েছে। MCQ-এর জন্য যতটা খুঁটিয়ে পড়া উচিত, তা পড়ছে না। ফলে পাঠ্যবইয়ের উপরেও তাদের যথেষ্ট দখল তৈরি হচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *