সরস্বতীর ছবি ছেঁড়ায় গ্রেপ্তার
স্কুলের পরীক্ষায় দেবী সরস্বতীর ছবি এঁকেছিল সপ্তম শ্রেণির এক ছাত্র। অভিযোগ, সেই ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। পড়ুয়া বাড়ি ফিরে কান্নাকাটি করে বিষয়টি জানায়। এ নিয়ে অভিভাবকরা সোশ্যাল মিডিয়ায় সরব হন। শুক্রবার শোরগোল পড়ে যায় মালদার চাঁচল থানা এলাকায়। পড়ুয়ার বাবা থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান। বিভিন্ন সংগঠনের সদস্যরা স্কুলে গিয়ে ওই শিক্ষককে ঘেরাও করেন। তাঁকে বরখাস্ত করার দাবি তোলা হয়। কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।