মাসিক বেতন মাত্র ৯ হাজার, ছেড়েছেন সংসারও, দেড়শোরও বেশি পথকুকুরকে আগলে রেখেছেন ভাল্লি
মাসে রোজগার সাকুল্যে ৯ হাজার টাকা। তা দিয়েই রোজ প্রায় ২০০টি পথকুকুরের মুখে অন্ন জোগাচ্ছেন চেন্নাইয়ের এম ভাল্লি। ৪৫ বছর বয়সি এই মহিলা চেন্নাইয়ের পেরুঙ্গুড়ির বাসিন্দা। তাঁর এক কামরার ঘরেই আশ্রয় পেয়েছে একাধিক পথকুকুর। তাদের নিজের সন্তান বা ‘পিল্লাইগাল’ বলেই ডাকেন তিনি। পথকুকুরদের প্রতি এই নিঃস্বার্থ টানের কারণেই প্রায় আড়াই বছর আগে সংসার ছেড়েছেন ভাল্লি।
১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল ভাল্লির। প্রায় ১৫ বছর আগে তাঁর মেজ ছেলে একটি অসুস্থ পথকুকুর ও পরে একটি রটওয়েলার বাড়িতে এনেছিল। ভাল্লির কোলেই মৃত্যু হয় সেই রটওয়েলারের। সেই স্মৃতি আজও তাড়া করে তাঁকে। এর পরে রাস্তায় আহত কুকুর দেখলেই তাদের সেবায় ঝাঁপিয়ে পড়েন তিনি। খরচের কারণে পরিবারের আপত্তি থাকায় শেষে বাড়িই ছেড়ে দেন ভাল্লি।
একটি বেসরকারি সংস্থায় সাফাইকর্মীর কাজ করে সংসার চালান ভাল্লি। বেতনের ৬ হাজার টাকা চলে যায় ঘরভাড়ায়। বাকি টাকায় নিজেদের ও কুকুরদের খরচ চালানো অসম্ভব। তাই নিজের সোনার গয়নাও বেচে দিয়েছেন তিনি। এমনকী, বাড়তি আয়ের জন্য প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করেন তিনি।
দান ও কম দামে কেনা চাল আর মুরগির হাড় রেঁধে কমবেশি ১৭০টি কুকুরকে খাওয়ান ভাল্লি। চেন্নাইয়ের তিরুভানমিয়ুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার ফুড ব্যাঙ্ক থেকেও সাহায্য পান ভাল্লি। তিনি সরকারি ভর্তুকিতে কেনা গোলাপি অটোরিকশায় চেপে তারামণি, পেরুঙ্গুড়ি ও তার আশেপাশের এলাকায় খাবার বিলি করেন। এ ছাড়াও, স্থানীয়দের আর্থিক সাহায্যে আদিয়ার, আক্কারাই ও বেসান্ত নগরের পশু হাসপাতালে নিয়ে গিয়ে কমবেশি ৮০০ কুকুরের নির্বীজকরণ করিয়েছেন ভাল্লি।