খাতৌলি ছাড়তে নারাজ বিজেপি, ৩৬ আসনে অনড় জয়ন্ত! যোগী রাজ্যে বাড়ছে সংঘাত - 24 Ghanta Bangla News
Home

খাতৌলি ছাড়তে নারাজ বিজেপি, ৩৬ আসনে অনড় জয়ন্ত! যোগী রাজ্যে বাড়ছে সংঘাত

Spread the love


লখনউ: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে এনডিএ (NDA) শিবির(BJP RLD )। তবে রাজ্যের পশ্চিম অংশে আসন সমঝোতা নিয়ে বিজেপির সঙ্গে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) টানাপোড়েন প্রকাশ্যে আসতে শুরু করেছে।

রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ন্ত চৌধুরীর দল অন্তত ৩৬টি আসনে লড়াই করার দাবি জানিয়েছে। কিন্তু গেরুয়া শিবির আরএলডিকে মাত্র ১৬টি আসন ছাড়তে আগ্রহী। আসন সংখ্যার এই বিশাল ব্যবধান মেটাতে এবং জোটের অন্দরে ভারসাম্য বজায় রাখতে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি অভিনব ‘প্রতীক ও প্রার্থী বিনিময়’ ফর্মুলা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

আরও দেখুনঃ শীতকালীন অধিবেশনের আগেই ধাক্কা ইন্ডিতে! সাসপেন্ডই থাকছেন কল্যাণ

সূত্রের খবর, এই সম্ভাব্য সমঝোতা সূত্র অনুযায়ী, পশ্চিম উত্তরপ্রদেশের কয়েকটি বিশেষ আসনে বিজেপির ‘পদ্ম’ প্রতীকে আরএলডি-র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আবার ঠিক উল্টোদিকে, এমন কিছু আসন চিহ্নিত করা হচ্ছে যেখানে আরএলডি-র ‘হ্যান্ডপাম্প’ প্রতীকে বিজেপির নেতাদের প্রার্থী হিসেবে দাঁড় করানো হতে পারে।

স্থানীয় জাতপাত, জনবিন্যাস এবং জয়ের সম্ভাবনার কথা মাথায় রেখেই এই কৌশলগত সমঝোতার কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে জোট বেঁধে আরএলডি ৩৩টি আসনে লড়াই করেছিল। সেই অভিজ্ঞতার নিরিখেই এবার ৩৬টি আসনের দাবি তুলেছেন জয়ন্ত চৌধুরী।

তবে আসন রফার ক্ষেত্রে সবচেয়ে বড় জট তৈরি হয়েছে মুজফফরনগর জেলার খাতৌলি বিধানসভা আসনটি নিয়ে। (BJP RLD )২০২২ সালের উপনির্বাচনে এই আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছিল আরএলডি। কিন্তু সূত্রের দাবি, আসন্ন নির্বাচনে বিজেপি কোনোভাবেই খাতৌলি আসনটি আরএলডিকে ছেড়ে দিতে নারাজ। গেরুয়া শিবির এই আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া, যা জয়ন্ত চৌধুরীর দলের জন্য অন্যতম মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। খাতৌলি ছাড়াও পশ্চিম উত্তরপ্রদেশের আরও বেশ কয়েকটি প্রভাবশালী আসন নিয়ে দুই দলের মধ্যে দর কষাকষি অব্যাহত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিম উত্তরপ্রদেশে জাট ও কৃষক ভোটব্যাঙ্ক ধরে রাখতে বিজেপির কাছে আরএলডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর জয়ন্ত চৌধুরীও নিজের দলের সাংগঠনিক শক্তি এবং বিধায়ক সংখ্যা বাড়াতে মরিয়া। ফলে দর কষাকষির লড়াইয়ে কোনো পক্ষই সহজে জমি ছাড়তে চাইছে না। তবে এই দীর্ঘ টানাপোড়েনের অবসান খুব শীঘ্রই হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

আগামী ২৩ ডিসেম্বর উত্তরপ্রদেশের হাপুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর একটি যৌথ জনসভার প্রস্তাব রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, ওই মেগা সমাবেশের পরই দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *