২৫ বছর ডিলিমিটেশন স্থগিত! ২০৫১ পর্যন্ত কি আটকে যাবে OBC সংরক্ষণের দাবি?

নয়াদিল্লি: দেশের রাজনীতিতে জাতপাতের সমীকরণ আগামী দিনে কতটা বড় প্রভাব ফেলতে পারে, (Delimitation)তা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে জাতিগত জনগণনা বা কাস্ট সেনসাসের তথ্য প্রকাশের পর লোকসভা ও বিধানসভায় অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC)-র রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি কতটা জোরালো হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা হিসাবনিকাশ।
এরই মধ্যে লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া এবং আসন বণ্টনের বর্তমান কাঠামো ২০৫১ সাল পর্যন্ত স্থগিত রাখার প্রস্তাব সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, জাতিগত জনগণনার তথ্য সামনে আসার আগেই যদি আগামী ২৫ বছরের জন্য আসন বণ্টনের কাঠামো নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে OBC রাজনৈতিক সংরক্ষণের দাবি কতটা গুরুত্ব পাবে?
আরও দেখুনঃ ‘নারীশক্তির প্রতিশ্রুতিতে অটল’: ডিলিমিটেশন বিলে সমর্থন মিলতেই বড় বার্তা মোদীর!
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন ডিলিমিটেশন সংক্রান্ত প্রস্তাব। ২৭ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা যে নতুন বিলগুলিতে অনুমোদন দিয়েছে, তাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৮৫০ পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।
একইসঙ্গে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসনের আপেক্ষিক বণ্টনের অনুপাত ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। তবে এই প্রস্তাব এখনও সংসদে পাস হয়ে আইনে পরিণত হয়নি। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে বিষয়টি আলোচনার জন্য ওঠার কথা।
এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ১৭ এপ্রিলের বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। (Delimitation)তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, জাতিগত জনগণনার তথ্যের ভিত্তিতে দেশের আইনসভাগুলিতে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের প্রশ্নটি বিবেচনা করা প্রয়োজন। রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা, কাস্ট সেনসাসের পর বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৃত জনসংখ্যার অনুপাত সামনে এলে OBC-দের জন্য পৃথক রাজনৈতিক সংরক্ষণের দাবি আরও জোরালো হতে পারে। বিশেষ করে লোকসভা ও বিধানসভায় প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতকে গুরুত্ব দেওয়ার দাবি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।
বর্তমানে ৫৪৩ আসনের লোকসভায় তফসিলি জাতি (SC)-র জন্য সংরক্ষিত রয়েছে ৮৪টি আসন এবং তফসিলি জনজাতি (ST)-র জন্য সংরক্ষিত রয়েছে ৪৭টি আসন। অর্থাৎ মোট ১৩১টি আসন সংরক্ষিত। বাকি ৪১২টি আসন সাধারণ বা অসংরক্ষিত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, লোকসভায় বর্তমানে SC ও ST সম্প্রদায়ের জন্যই সাংবিধানিকভাবে আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। OBC-দের জন্য লোকসভা কিংবা রাজ্য বিধানসভায় পৃথক রাজনৈতিক আসন সংরক্ষণের কোনও ব্যবস্থা বর্তমানে নেই।
এবার যদি ভবিষ্যতে লোকসভায় মোট আসনের ২০ শতাংশ OBC-দের জন্য সংরক্ষণের দাবি ওঠে, তাহলে বর্তমান ৫৪৩ আসনের হিসাব অনুযায়ী প্রায় ১০৯টি আসন সেই শ্রেণির জন্য বরাদ্দ করতে হবে। সেক্ষেত্রে সাধারণ আসনের সংখ্যা ৪১২ থেকে কমে প্রায় ৩০৩-এ দাঁড়াবে। অর্থাৎ অসংরক্ষিত আসনের ভাগ প্রায় ৭৬ শতাংশ থেকে কমে ৫৬ শতাংশের কাছাকাছি হতে পারে।
তবে এটি সম্পূর্ণ কাল্পনিক হিসাব। OBC-দের জন্য ২০ শতাংশ রাজনৈতিক সংরক্ষণের কোনও অনুমোদিত সরকারি প্রস্তাব বর্তমানে নেই। তাছাড়া নতুন ডিলিমিটেশন প্রস্তাবে লোকসভার আসন সংখ্যাও ৫০ শতাংশ বাড়ানোর কথা রয়েছে। ফলে ভবিষ্যতের প্রকৃত হিসাব সম্পূর্ণ আলাদা হতে পারে।
এখানেই উঠে আসছে ডিলিমিটেশন স্থগিত রাখার রাজনৈতিক তাৎপর্য। (Delimitation)প্রস্তাব অনুযায়ী, রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের আপেক্ষিক অনুপাত ২০৫১ সাল পর্যন্ত বজায় থাকবে। তবে এর অর্থ এই নয় যে আগামী ২৫ বছর কোনও আসন পুনর্বিন্যাসই হবে না। নতুন প্রস্তাবে প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়িয়ে সেই বর্ধিত কাঠামো স্থায়ী রাখার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, রাজ্যের ভিতরে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্য ব্যবহারের কথা বলা হয়েছে। অর্থাৎ আন্তঃরাজ্য আসন বণ্টন এবং রাজ্যের ভিতরে নির্বাচনী সীমানা নির্ধারণ দুটি পৃথক বিষয়।
রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তাই সবচেয়ে বড় প্রশ্ন, এই ২৫ বছরের স্থগিতাদেশ কি ভবিষ্যতের জাতপাতভিত্তিক রাজনৈতিক দাবিকে নিয়ন্ত্রণে রাখার কৌশল? একাংশের মতে, কাস্ট সেনসাসের তথ্য প্রকাশের পর OBC জনসংখ্যার অনুপাত এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে চাপ তৈরি হতে পারে। সেই পরিস্থিতিতে আসন বণ্টনের কাঠামো দীর্ঘদিনের জন্য নির্দিষ্ট করে রাখা হলে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিছুটা সীমিত হতে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে OBC সংরক্ষণের দাবি আটকানোর কথা বলা হয়নি।