বিয়ের নিমন্ত্রণ পত্রের আড়ালে ফাঁদ, ১০ লাখ টাকা খোয়ালেন গুজরাটের বাসিন্দা
সোশ্যাল মিডিয়া এখন সব কিছুতেই ব্যবহৃত হয়। রোজকারের কেনাকাটা হোক কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র শেয়ার করা। কিন্তু এ বার সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সাইবার ক্রাইমের শিকার হলেন এক যুবক। তিনি হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু সেই ফাঁদেই পা দিয়ে ১০ লাখ টাকা খোয়ালেন গুজরাটের এক যুবক।
সুরাট পুলিশ সূত্রে খবর, গুজরাটের ওই বাসিন্দা হোয়াটসঅ্যাপে একটি APK ফাইলে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন। অভিযোগ, সেই ফাইল ডাউনলোড করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা উধাও হয়। তার পরেই তদন্ত শুরু করে পুলিশ। তন্দন্তে নেমে সুরাট পুলিশ শুক্রবার দেবেন্দ্র মালিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা। উত্তরপ্রদেশের পুলিশের সাহায্যে দেবেন্দ্রকে গ্রেফতার করে সুরাট পুলিশ।
পুলিশ সূত্রে খবর, টাকার লোভে সাইবার অপরাধীদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতেন দেবেন্দ্র। সব টাকা এসে জমা পড়ত দেবেন্দ্রর অ্যাকাউন্টে। ওই টাকার ২০ শতাংশ নিজের জন্য রেখে বাকি টাকা সাইবার অপরাধীদের পাঠিয়ে দিতেন। এই ভাবেই চলত প্রতারণার কাজ। সাইবার ক্রাইম পুলিশ মামলা দায়ের করে তদন্ত করছে।
সাইবারএই ঘটনার পরে পুলিশ আবাও জনস্বার্থে হোয়াটঅ্যাপ বা অপরিচিত ব্যক্তির থেকে পাওয়া যে কোনও ধরনের পাওয়া লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছে। এ ছাড়াও ইমেল বা এসএমএস-এ আসা কোনও লিঙ্কেও ক্লিক না করার অনুরোধ জানিয়েছে। যদি কোনও ব্যক্তি সাইবার অপরাধের শিকার হয় তাহলে দ্রুত সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০-এ যোগাযোগ করতেও বলা হয়েছে।
FAQ
১. বর্তমানে সবচেয়ে প্রচলিত সাইবার প্রতারণাগুলো কী কী?
ফিশিং লিঙ্ক, ওটিপি (OTP) ও কেওয়াইসি (KYC) আপডেটের নামে ফোন কল, ভুয়া কাস্টমার কেয়ার নম্বর, ‘ডিজিটাল অ্যারেস্ট’ (পুলিশ বা সিবিআই সেজে ভয় দেখানো) এবং ক্ষতিকর অ্যাপ বা APK ফাইলের মাধ্যমে ফোন হ্যাক করা।
২. প্রতারকরা কীভাবে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে?
প্রতারকরা লোভনীয় অফার (যেমন- লটারি বা ক্যাশব্যাক) অথবা আতঙ্ক তৈরি করে (যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ার ভয়) ফোনে পাঠানো OTP জেনে নেয়, কিংবা ক্ষতিকর লিঙ্ক ও অ্যাপের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে টাকা সরিয়ে নেয়।
৩. সাইবার প্রতারণা থেকে বাঁচার প্রধান উপায় কী?
অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ফোনে কাউকে ব্যাংকের পিন (PIN), পাসওয়ার্ড বা OTP বলবেন না এবং গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ-স্টোর ছাড়া বাইরে থেকে কোনও অ্যাপ বা APK ফাইল ডাউনলোড করবেন না।
৪. ‘ডিজিটাল অ্যারেস্ট’ (Digital Arrest) কি সত্যিই হয়?
না, ভারতের আইনে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বলে কিছু নেই। পুলিশ, সিবিআই বা ইডি কখনোই ভিডিও কলে এসে কাউকে গ্রেপ্তার করে না বা টাকা দাবি করে না; এটি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারকদের একটি নতুন ফাঁদ।