বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক? ধৃত জইশ সন্দেহভাজনের ফোনে মিলল প্রশিক্ষণের ভিডিয়ো

নয়াদিল্লি: ধৃত জইশ-ই-মহম্মদ সন্দেহভাজন জঙ্গি শরিফুল ইসলাম কবিরুদ্দিনের মোবাইল ফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক জঙ্গি প্রশিক্ষণের ভিডিয়ো। সেখানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের কৌশল দেখানো হয়েছে বলে দাবি তদন্তকারীদের। এই ভিডিওগুলি পাকিস্তানে থাকা জঙ্গি হ্যান্ডলারদের কাছ থেকে পাঠানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (ATS)।
CNN-News18-এর হাতে আসা একটি ভিডিয়োতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের দৃশ্য দেখা গিয়েছে বলে জানানো হয়েছে। ATS সূত্রের দাবি, শরিফুলের ফোনে এই ধরনের আরও কয়েকটি ভিডিয়ো মিলেছে। অস্ত্র চালানো এবং গুলি ছোড়ার পদ্ধতি শেখার জন্য সে সেগুলি ব্যবহার করত বলে তদন্তকারীদের অনুমান। তবে ভিডিয়োগুলির উৎস এবং সেগুলি কে পাঠিয়েছিল, তা এখনও নিশ্চিত নয়।
তদন্তকারীদের দাবি, পাকিস্তানের এক হ্যান্ডলার মুফতি রফিকের সঙ্গে যোগাযোগ ছিল শরিফুলের। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ভদোদরার বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক কষছিল সে। পরিকল্পনা সফল হলে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।
শুক্রবার ভদোদরার জারোদ বাসস্ট্যান্ডের কাছ থেকে শরিফুলকে গ্রেফতার করে গুজরাট ATS। তার কাছ থেকে একটি AK-47 রাইফেল এবং ২৩টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বেআইনি অস্ত্র নিয়ে এক সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পরই অভিযান চালানো হয়।
এখন ধৃতের মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে তার যোগাযোগ কতটা গভীর ছিল, প্রশিক্ষণের ভিডিয়োগুলি কোথা থেকে এল এবং বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরিকল্পনার সঙ্গে সে কতটা যুক্ত ছিল, এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে ATS।
বিদেশি মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্কের সম্ভাব্য গতিবিধি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলির নজরদারির মধ্যেই এই গ্রেফতারি ঘিরে তদন্ত আরও জোরদার হয়েছে। তবে হামলার পরিকল্পনা ও পাকিস্তানি যোগাযোগ সংক্রান্ত অভিযোগগুলি তদন্তের আওতায় রয়েছে।
নতুন সংসদ ভবনে ৮৮৮ আসন, সাংসদ ৫৪৩! আগে থেকেই তৈরি ছিল ডিলিমিটেশনের পরিকাঠামো?
দিল্লি-NCR-এ নাশকতার ছক বানচাল! জইশ সন্দেহে গ্রেফতার এক, তদন্তে ISI যোগের ইঙ্গিত