‘বদলে দিয়েছে জীবনদর্শন...’, পর্দার ‘রাম’কে ভবিষ্যতে কোন ভূমিকায় দেখতে চান ইমতিয়াজ়? - 24 Ghanta Bangla News
Home

‘বদলে দিয়েছে জীবনদর্শন…’, পর্দার ‘রাম’কে ভবিষ্যতে কোন ভূমিকায় দেখতে চান ইমতিয়াজ়?

Spread the love

বক্সঅফিসে একের পর এক নজির গড়ে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ় অফ আ লিজেন্ড’। মুক্তির মাত্র ২২ দিনের মাথায় বিশ্ব জুড়ে ১,৭৭৭ কোটি টাকা আয় করে ২৭টি দেশে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমা ছিনিয়ে নিয়েছে এই মহাকাব্যিক ছবি। ছবির এই অভাবনীয় সাফল্যের জন্য রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করলেন তাঁর ‘রকস্টার’ ও ‘তামাশা’ ছবির পরিচালক ইমতিয়াজ় আলি। শুধু অভিনয়ই নয়, রণবীরের ছবি পরিচালনার দীর্ঘদিনের স্বপ্ন নিয়েও মুখ খুললেন তিনি।

সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমতিয়াজ় আলি জানান, ‘রামায়ণ’-এর বেশ কিছু দৃশ্যে রণবীর অসাধারণ অভিনয় করেছেন। পরিচালক কথায়, ‘রণবীর অত্যন্ত উঁচু দরের অভিনেতা। পর্দায় ওকে রামের চরিত্রে দেখতে দারুণ লেগেছে। আমার মনে হয়, রামের চরিত্রে অভিনয়, ওঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলবে।’ পাশাপাশি রণবীরের পরিচালক হওয়ার ইচ্ছা প্রসঙ্গে ইমতিয়াজ জানান, রণবীর তাঁকে বহু দিন আগেই জানিয়েছিলেন যে তাঁর মূল লক্ষ্য ছবি পরিচালনা করা। কাপুর পরিবারের উত্তরসূরি হিসেবে রণবীরের এই সৃজনশীল মনন মোটেও অবাক করার মতো নয় বলেই মনে করেন পরিচালক। ইমতিয়াজ় বলেন, ‘ও যদি পরিচালনা না করে, তবেই আমি অবাক হব। তবে সক্রিয় ভাবে পরিচালনা করলে ও বুঝতে পারবে কাজটা আসলে কেমন। আমি আশা করি, পরিচালনার জন্য রণবীর যেন অভিনয় করা ছেড়ে না দেয়।’

‘রামায়ণ’ বদলে দিয়েছে জীবনদর্শন

ইমতিয়াজ আলির কথার প্রতিধ্বনি শোনা গিয়েছিল রণবীর কাপুরের সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও। ‘টপ ম্যাগাজিন’-কে দেওয়া সাক্ষাৎকারে রণবীর স্বীকার করেছিলেন, ‘রামায়ণ’ তাঁর কেরিয়ারের চেয়েও বেশি তাঁর জীবনকে বদলে দিয়েছে। অভিনেতার কথায়, “এই ছবিটি আমাকে রামায়ণ এবং ভগবান রামের যাত্রাকে আরও কাছ থেকে বুঝতে সাহায্য করেছে। এর ফলে আমার বদঅভ্যাসগুলো দূর হয়েছে, মূল্যবোধ বদলেছে। জীবন, ক্ষতি, ত্যাগ এবং ধর্মকে দেখার দৃষ্টিভঙ্গিই পাল্টে দিয়েছে এই চরিত্র।”

বক্সঅফিসে ‘রামায়ণ’-এর বিশ্বজয়

গত ৫ নভেম্বর হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে নমিত মালহোত্রা ও যশ প্রযোজিত এই ছবি। স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ২২ দিনে দেশের বক্সঅফিস ছবির গ্রস আয় ১,১৮৫ কোটি টাকা এবং বিদেশি বাজারে ৫৯২ কোটি টাকা।

আমেরিকা, কানাডা, ব্রিটেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা এবং কাজাখস্তান-সহ মোট ২৭টি দেশে সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হয়ে উঠেছে ‘রামায়ণ’। নির্মাতাদের সূত্রে খবর, ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে, যা ছবিটিকে সহজেই ২,০০০ কোটি টাকার মাইলফলক ছুঁতে সাহায্য করতে পারে।

প্রসঙ্গত, এই ছবিতে রণবীর কাপুর (রাম) ছাড়াও সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সানি দেওল, রবি দুবে, অরুণ গোভিল, লারা দত্ত, বিবেক ওবেরয় ও কাজল আগরওয়াল অভিনয় করেছেন। ছবির দ্বিতীয় পর্ব ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *