ফিরল মেয়েবেলার স্মৃতি! ফুলটুসি-শশীভূষণের বিয়েতে এলাহি আয়োজন, নজর কাড়ল মেনুও
হাওয়ায় সানাইয়ের সুর। শাঁখ ও উলুধ্বনিতে মুখরিত গোটা বাড়ি। কলাগাছ দিয়ে সাজানো ছাদনাতলা, মাটিতে আলপনা, পাতা পিঁড়ি। সাড়ম্বরে বিয়ের আয়োজন। চার হাত এক হবে ফুলটুসি-শশীভূষণের। তারা মানুষ নয়, পুতুল।
এক লহমায় শৈশবে ফিরে যাওয়ার আয়োজন বহরমপুরের আবাসনে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও পুতুলের বিয়ের আয়োজন।
একটা সময়ে ছিল, বিকেল হলেই উঠোনে বসত পুতুলের সংসার। মাটির হাঁড়ি, ছোট্ট থালা, কাগজের টাকা আর কাঠের পিঁড়ি সাজিয়ে চলত ঘরকন্নার খেলা। কখনও পুতুলের অসুখ, কখনও তার সাধভক্ষণ, কখনও আবার ধুমধাম করে বিয়ে। সেই বিয়েতে কারও দায়িত্ব কনের মা, কেউ পিসি, কেউ মাসি, আর কেউ একেবারে দায়িত্বশীল শাশুড়ি। কিন্তু শৈশবের সেই চেনা মায়া কি আর এত সহজে মুছে যায়! বহরমপুরের ওয়াইএমএ মাঠ সংলগ্ন একটি আবাসনে শনিবার সন্ধ্যায় যেন সময়ের কাঁটা কয়েক দশক পিছিয়ে গেল।
আসল বিয়ের আয়োজনকেও যেন টেক্কা দিয়েছে এই পুতুলের বিয়ে। সন্ধ্যা নামতেই পাশের পাড়া থেকে চার চাকা গাড়িতে চেপে বরযাত্রী নিয়ে হাজির শশীভূষণ। হাতে হাতে তত্ত্বের সাজানো ডালা। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে জামাইকে বরণ করে নেওয়া হলো। এ দিকে সেখানে লাল টুকটুকে বেনারসি, সবুজ পাড়, গা ভর্তি গয়না আর শোলার মুকুটে সেজে অপেক্ষায় ফুলটুসি। তাকে এক ঝলক দেখতে অতিথিদের ভিড়। মানা হয়েছে বিয়ের সব আচার। মালাবদল, সাত পাক, শুভদৃষ্টি, সিঁদুরদান। পুতুলের বিয়ে হলেও আয়োজনের আন্তরিকতায় কোনও খামতি নেই। বরং কোথাও যেন আরও বেশি আবেগ। কারণ, এই বিয়ের প্রতিটি আয়োজনের মধ্যে লুকিয়ে রয়েছে কয়েকটি শিশুর কল্পনা, পরিশ্রম আর একরাশ ভালোবাসা।
বিয়ের পরে অবশ্য ভোজের আয়োজনও ছিল এলাহি। চিকেন কাবাব, পনির পসিন্দা, ফিস ফ্রাই, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চাটনি, দই, মিষ্টি—কিছুই বাদ যায়নি। তবে খাবারের স্বাদের বাইরেও অতিথিদের মনে থেকে গেল অন্য এক তৃপ্তি। যেন নিজের ফেলে আসা শৈশবের সঙ্গে কিছুক্ষণের জন্য দেখা হয়ে গেল তাঁদের।
অতিথি নিবেদিতা দাস বলেন, ‘আমরাও ছোটবেলায় পুতুলের বিয়ে দিয়েছি। আমি নিজেও খুব পুতুল পাগল ছিলাম। আজ এই আয়োজন দেখে নিজের ছোটবেলাটা আবার মনে পড়ে গেল। এখনকার বাচ্চাদের কাছে মোবাইলই সব। পুতুল খেলা প্রায় হারিয়ে গিয়েছে। তার মধ্যেও এমন আয়োজন দেখে সত্যিই খুব ভালো লাগছে।’ আয়োজকদের বক্তব্য, শিশুদের কিছুটা সময় মোবাইলের পর্দা থেকে দূরে রেখে নিজেদের মতো করে আনন্দ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। বাচ্চারা নিজেরাই বিয়ের নানা আয়োজন করেছে। তাতে যেমন তাদের সৃজনশীলতা বেড়েছে, তেমনই একসঙ্গে কাজ করা, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং আনন্দ ভাগ করে নেওয়ার পাঠও মিলেছে।
আসলে এই বিয়ে ফুলটুসি আর শশীভূষণের সাত পাকে বাঁধা পড়ার শুধু গল্প নয়। এ যেন দুই সময়ের মধ্যে সেতুবন্ধন। এক দিকে মোবাইল, এআই আর প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম। অন্য দিকে উঠোনজোড়া পুতুল খেলা, কল্পনার সংসার আর হারিয়ে যাওয়া মেয়েবেলার স্মৃতি।