তৃণমূলের প্রতীক–যুদ্ধে সব নজর ১০ লক্ষ পাতার নথিতে, তরজা ইসির দোরে
এই সময়, নয়াদিল্লি: দীর্ঘ লড়াইয়ের পরেও আপাতত অধরা প্রতীক–যুদ্ধের ফল। তৃণমূলের দুই যুযুধান পক্ষ শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তাদের যুক্তি তুলে ধরলেও নির্বাচন কমিশন (ইসি) সূত্রের খবর, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ (এআইটিসি) নাম ও ‘ঘাসের উপরে জোড়াফুল’ প্রতীক কার দখলে যাবে— তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
দু’তরফের বক্তব্য শোনার পরে কমিশনের নির্দেশ— এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূলে’র তরফে কমিশনে যে ১০ লক্ষ পাতার হলফনামা দিয়েছিলেন, তার প্রতিলিপি দু’সপ্তাহের মধ্যে দিতে হবে ‘মমতা–তৃণমূল’কে। এর প্রেক্ষিতে তাদের অবস্থান জানানোর জন্য এক সপ্তাহ সময় পাবে ‘মমতা–তৃণমূল’৷ এর পরে প্রয়োজনে আবার দুই শিবিরকে তলব করবে কমিশন৷
এ দিন ‘মমতা–তৃণমূলে’র তরফে কমিশনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ ‘গণতান্ত্রিক তৃণমূলে’র তরফে ঋতব্রতর সঙ্গে ছিলেন আখরুজ্জামান এবং বর্ষীয়ান আইনজীবী কে পরমেশ্বর। সুপ্রিম কোর্টের ২৮ সেপ্টেম্বরের নির্দেশ অনুযায়ী, তিন মাসের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানাতে হবে। ফলে কমিশনের কাছে এখনও এক মাস সময় রয়েছে।
কমিশনে জমা দেওয়া হলফনামার প্রতিলিপি তাদের হাতে দেয়নি ঋতব্রত শিবির— এই মর্মে আগেই অভিযোগ জানিয়েছিল ‘মমতা–তৃণমূল’৷ এ দিনের শুনানিতেও বিষয়টি উল্লেখ করেন ‘মমতা–তৃণমূলে’র আইনজীবী-সাংসদ কল্যাণ৷ স্বভাবতই এই ইস্যুতে তাদের জয় দেখছে কালীঘাট শিবির৷ পরে কল্যাণ বলেন, ‘আমাদের আগে কোনও ডকুমেন্ট দেওয়া হয়নি। ওরা আরও নতুন ডকুমেন্ট দিতে চায়। আমরা বিরোধিতা করেছি। বার বার স্ট্যান্ড বদলাচ্ছে। তবে ওদের ভালো দিন চলে গিয়েছে।’ যদিও ঋতব্রতর জবাব, ‘আমরা ডকুমেন্ট কেন দিইনি, তা পরিষ্কার জানিয়েছি। একাধিক বিধায়ককে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে সই করানো হয়েছিল (কালীঘাটের তরফে)। তাঁরা আবার অভিযোগ করেছেন। আমরা সব কমিশনকে জানিয়েছি। বহু নেতা-কর্মী থানায় একের পর এক অভিযোগ করেছেন। এখন আর প্রবলেম নেই। দিয়ে দেবো।’
ঘটনাচক্রে এ দিন যখন দিল্লিতে দু’পক্ষের যুক্তি–যুদ্ধ চলছে, তখন কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রতর বিরোধী দলনেতা পদ খারিজের নির্দেশ দেয়। এ নিয়ে কল্যাণের খোঁচা, ‘দেখ কেমন লাগে। আগেই বলেছিলাম, অবৈধ সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্ট স্পিকারের নির্দেশকে খারিজ করে দিয়েছে।’ ঋতব্রতর কটাক্ষ, ‘অবোধের গোবধে আনন্দ! আমার ধারণা, আজ উনি (কল্যাণ) যা পারফর্ম করেছেন, তাতে পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপো আর হয়তো পাঠাবেন না (কমিশনে)!’