তিনতলা থেকে উড়ে এল গ্যাসের সিলিন্ডার, মাথায় পড়ে বেঘোরে প্রাণ গেল যুবকের
এই ঘটনায় তিনতলার অভিযুক্ত আবাসিক শিবম শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, বছর চব্বিশের শিবম একটি কারখানায় জামাকাপড় সেলাইয়ের কাজ করেন। আর তাঁর মা একটি সংস্থায় ফ্রিল্যান্সার হিসেবে কর্মরত। পড়শিদের থেকে পুলিশ জেনেছে, শুক্রবার সকাল থেকেই মদ্যপান করেন শিবম। তাঁর রাধিকা অ্যাপার্টমেন্টেরই অন্য এক আবাসিকের বচসাও হয় পার্কিং লটে। সেই বিবাদের পড়েই ঘরে গিয়ে উপর থেকে গ্যাসের সিলিন্ডার ছুড়ে মারেন তিনি। তাতেই বেঘোরে প্রাণ যায় সাহিলের।
দ্বারকার ডিসিপি কুশল পাল সিং বলেন, ‘ঘটনার সূত্রপাত পার্কিং লটে। অন্য এক আবাসিকের সঙ্গে বচসা হয়েছিল শিবমের। এর পরেই সে রাগের মাথায় তিনতলায় ঘরে গিয়ে উপর থেকে সিলিন্ডার নীচে ছুড়ে ফেলে দেয়। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হয়েছে। তদন্ত চলছে।’ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিবমকে হেফাজতে নিয়ে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ নম্বর ধারায় (খুনের মামলা) মামলা দায়ের করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।