ডার্বিতে মোহনবাগান ফেভারিট, বাড়তি গুরুত্ব দিচ্ছেন না হাবাস - 24 Ghanta Bangla News
Home

ডার্বিতে মোহনবাগান ফেভারিট, বাড়তি গুরুত্ব দিচ্ছেন না হাবাস

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: রাত পোহালেই বাঙাল-ঘটি মহারণ‌। রবির সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Kolkata Derby)। আইএসএলের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই এই ম্যাচ ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে বাংলার সকল ফুটবলপ্রেমীদের। রেকর্ড বলছে ইন্ডিয়ান সুপার লিগের ডার্বিতে এখনও পর্যন্ত পরাজিত হয়নি সবুজ-মেরুন ব্রিগেড। জবাবে মাত্র দুইটি ড্র করে তাদের আটকাতে পেরেছে লাল-হলুদ ব্রিগেড।

ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ

কাজেই এবারের এই হোম ডার্বি যে যথেষ্ট চাপের হতে চলেছে লাল-হলুদের কাছে সেটা বলাই চলে‌। তার উপর রয়েছে চোট সমস্যা। বেশ কয়েক সপ্তাহ আগেই চোট সমস্যার দরুন ছিটকে গিয়েছেন দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। তার অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছে দলের মধ্যে। শুধুমাত্র আনোয়ার আলি নন। গত আইএসএল ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল মশাল ব্রিগেড। সেই ম্যাচেই গুরুতর চোট পেয়েছিলেন আপফ্রন্টের অন্যতম দাপুটে ফুটবলার এডমুন্ড লালরিন্ডিকা। এই পরিস্থিতিতে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে দল।

ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ

তবে ডার্বিকে আলাদা করে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বরং অন্যান্য ম্যাচের মতোই এটিকে দেখছেন এই স্প্যানিশ বস। তার কথায়, ‘ এই ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে মোহনবাগান খেতাব জিতে যাবে না। আবার ইস্টবেঙ্গল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এমন নয়। আমার কাছে এই ম্যাচের গুরুত্ব অন্যান্য ম্যাচ গুলির মত।’ তবে প্রতিপক্ষ দল যে কিছুটা এগিয়ে থাকবে সেটাও কিছুটা ইঙ্গিত দিয়ে গেলেন তিনি‌। হাবাস আরও বলেন, ‘ মোহনবাগান এই ম্যাচে ফেভারিট। তবে আমাদের হাতে ও অনেক সুযোগ আছে‌। দুই দলের মধ্যে খুব একটা আকাশ-পাতাল তফাৎ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *