কয়েক দশকের কর্মের ফল! POK তে এবার পাক সেনার বিরুদ্ধে অস্ত্র তুলল ‘জাঁবাজ ফোর্স’

ইসলামাবাদ: দশকের পর দশক ধরে কাশ্মীরে সন্ত্রাস ও অশান্তি ছড়ানোর পর (Janbaz Force)এবার নিজের ঘরেই প্রবল প্রত্যাঘাতের মুখে পড়ল ইসলামাবাদ। পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (PoJK) পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে এবার সরাসরি অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা করল ‘জাঁবাজ ফোর্স’ (Janbaz Force) নামে একটি সশস্ত্র গোষ্ঠী।
গোষ্ঠীটির কমান্ডার গাজি শাহজাদ স্পষ্ট ভাষায় পাকিস্তানি সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাওয়ালকোট ও পুঞ্চ-সহ গোটা অঞ্চলে আন্দোলনরত সাধারণ মানুষের ওপর যদি কোনো ধরনের সামরিক অভিযান চালানো হয়, তবে তার পাল্টা সশস্ত্র জবাব দেওয়া হবে। কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্তপারে যে অশান্তির বিষবৃক্ষ রোপণ করেছিল, আজ সেই ‘কর্মা’ বা কর্মফলই বুমেরাং হয়ে ইসলামাবাদের গলা চেপে ধরেছে।
আরও দেখুনঃ মোহনের তুরুপের তাসে বদলে গেল ইন্ডির সমীকরণ
স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই মৌলিক অধিকার, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, খাদ্যের অভাব এবং রাজনৈতিক বঞ্চনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীর। ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (JAAC)-র নেতৃত্বে চলা এই গণবিক্ষোভ দমন করতে সম্প্রতি রাওয়ালকোট-সহ একাধিক এলাকায় নির্বিচারে গুলি, ড্রোন হামলা এবং ধরপাকড় চালিয়েছে পাকিস্তানি রেঞ্জার্স ও সেনাবাহিনী, যাতে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে।
ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে গাজি শাহজাদের নেতৃত্বাধীন ‘জাঁবাজ ফোর্স’-এর এই হুঁশিয়ারি। (Janbaz Force)জানা গেছে, ‘তেহরিক-ই-তাহাফফুজ-ই-জম্মু ও কাশ্মীর’-এর সশস্ত্র শাখা হিসেবে পরিচিত এই সংগঠনটি ঘোষণা করেছে যে, নিরস্ত্র কাশ্মীরিদের ওপর পাকিস্তানি বাহিনীর কোনো অভিযান চালানো হলে তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন না।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই গাজি শাহজাদ ওরফে শাহজাদ খান একসময় পাকিস্তানি সেনাবাহিনীরই প্রাক্তন হাবিলদার ছিলেন এবং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অংশ নেওয়ার জন্য তৎকালীন পাক সেনাপ্রধান পারভেজ মুশাররফের কাছ থেকে সম্মাননাও পেয়েছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তাঁকে সীমান্তপারে অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী প্রশিক্ষণের কাজে ব্যবহার করেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। আজ সেই প্রশিক্ষিত যোদ্ধারাই খোদ পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন।
মজার বিষয় হল, খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী রানা সানাউল্লাহও সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই নির্মম বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। তিনি প্রকাশ্যেই মেনে নিয়েছেন যে, পাক-অধিকৃত কাশ্মীরে যাঁরা আজ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা সেই একই লোক যাঁদের পাকিস্তান একসময় ‘মুজাহিদিন’ হিসেবে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে ভারতে লড়াই করতে পাঠিয়েছিল, আর আজ তাঁরাই ইসলামাবাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও পাকিস্তানের এই দ্বিচারিতা ও নিরীহ কাশ্মীরিদের ওপর চালানো দমনপীড়নের তীব্র নিন্দা করে আন্তর্জাতিক মহলকে বিষয়টিতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। তবে শান্তিপূর্ণ গণআন্দোলনের নেতৃত্বদানকারী ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (JAAC) এই সশস্ত্র গোষ্ঠীর ঘোষণা থেকে নিজেদের সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছে।
সংগঠনের নেতা সরদার ওমর নাজির কাশ্মীরি জানিয়েছেন, তাঁরা কোনো ধরনের হিংসা চান না এবং আগামী ৩ ডিসেম্বর ফের শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমালিপ্ত করতে এবং আন্তর্জাতিক মহলের সামনে বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে সেনা অভিযানের পথ প্রশস্ত করতেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এই ধরনের সশস্ত্র গোষ্ঠীকে সামনে নিয়ে আসছে। সব মিলিয়ে, পাক-অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ইসলামাবাদের জন্য এক চরম অস্তিত্বের সংকট ও অভ্যন্তরীণ গৃহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।