ওড়ার আগেই রানওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মুখোমুখি দুই বিমানের ডানায় ধাক্কা, তার পরে…
আকাশে ওড়ার ঠিক আগে ট্যাক্সিওয়েতে চলার সময়ে মুখোমুখি এসে পড়ে দুই ফ্লাইট। এর পরের ঘটনা ছিল আরও ভয়াবহ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ফ্লাইট দুটি একে অপরের ডানায় ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে একটি বিমানের ডানার শেষ প্রান্তে থাকা উইংলেট ভেঙে মাটিতে পড়ে যায়। আমেরিকার ওয়াশিংটনের রোনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরে ঘটেছে এমনই দুর্ঘটনা। অল্পের রক্ষা পেলেন দুই বিমানের যাত্রীরা। শুক্রবারের এই ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি। তবে দুর্ঘটনার জেরে অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি ফ্লাইটকে মাঝপথে অবতরণ বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।
ঘটনাটি ঘটে ২৭ নভেম্বর, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ। আমেরিকান এয়ারলাইন্সের ৬৩৮ নম্বর বিমানটি ডালাসের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অন্য দিকে, ২১৫২ নম্বর ফ্লাইটটির গন্তব্য ছিল শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। দু’টি বিমানই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। রানওয়ের কাছে ট্যাক্সিওয়ে দিয়ে এগোনোর সময়ে ৬৩৮ নম্বর ফ্লাইটটির ডানায় ধাক্কা লাগে পাশের ২১৫২ নম্বর বিমানের ডানায়।
‘হোল্ড শর্ট লাইন পেরিয়ে গিয়েছিল বিমান’
বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের রেকর্ডিংয়ে ধরা পড়েছে দুর্ঘটনার ভয়াবহ মুহূর্ত। কন্ট্রোল টাওয়ার থেকে ৬৩৮ নম্বর বিমানটিকে রানওয়ে ১৯-এর আগে থামতে বলা হয়েছিল। জবাবে পাইলট জানান, বিমানটি সামান্য হোল্ড শর্ট লাইন পেরিয়ে গিয়েছে এবং পাশের আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটের ডানায় ধাক্কা লেগেছে।
অন্য বিমানের পাইলটও পরে ধাক্কার কথা নিশ্চিত করেন। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কথোপকথনে এক পাইলটকে বলতে শোনা যায়, বিমানের ডান দিকের উইংলেট ভেঙে মাটিতে পড়ে রয়েছে। বিমানবন্দরের কর্মীরা পরে ভেঙে পড়া অংশ উদ্ধার করেন।
অবতরণ বাতিল অন্য বিমানের
সংঘর্ষের পরে বিমানবন্দরের দমকল ও উদ্ধারকারী দল দু’টি বিমানের কাছেই পৌঁছয়। পরীক্ষার জন্য বিমান দু’টিকে নিজ নিজ গেটে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে, দুর্ঘটনার জেরে অবতরণের অপেক্ষায় থাকা একটি ফ্লাইটের অবতরণ বাতিল করে কন্ট্রোল টাওয়ার। অন্য উড়ানগুলিকেও দেরির বিষয়ে সতর্ক করা হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সামগ্রিক উড়ান পরিষেবায় বড় কোনও বিঘ্ন ঘটেনি।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, দু’টি ফ্লাইটকে আপাতত রক্ষণাবেক্ষণ ও সিকিউরিটি চেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সংস্থার তরফে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।
থ্যাঙ্কসগিভিংয়ের ভিড়ে বাড়তি উদ্বেগ
আমেরিকায় থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে বিমানযাত্রীর সংখ্যা এমনিতেই বেশি। AAA-র পূর্বাভাস অনুযায়ী, এই ছুটির মরসুমে প্রায় ৬০ লক্ষ আমেরিকান আকাশপথে দেশের মধ্যে যাতায়াত করতে পারেন। তার মধ্যেই এই ঘটনা আকাশপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
‘’