আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু একাধিক পড়ুয়ার! কারণ ঘিরে ধোঁয়াশা
কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলে স্কুলের ভিতরে বিস্ফোরণে মৃত্যু ও আহত হয়েছে একাধিক পড়ুয়ার। শনিবার সকালে কুনার প্রদেশের একটি মাধ্যমিক স্কুলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। হতাহতের প্রকৃত সংখ্যাও নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
কুনার প্রাদেশিক পুলিশ সদর দফতরের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ আন্দার সের এলাকার স্কুলে বিস্ফোরণ হয়। তাঁর দাবি, ঘটনায় কয়েক জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহতও হয়েছে অনেকে। তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে বা কত জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য মেলেনি।
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে তদন্তকারী দল। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, সেটি কীভাবে স্কুল চত্বরে এল এবং কোনও পরিকল্পিত হামলার ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিস্ফোরণের নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে নারাজ প্রশাসন।
পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে এই ঘটনা নতুন করে স্কুলপড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার ঘটনা আফগানিস্তানে আগেও ঘটেছে। গত অগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে গ্রেনেড হামলায় আহত হয়েছিল ৪০ জনেরও বেশি শিশু। আহতদের বয়স ছিল ৯ থেকে ১৪ বছরের মধ্যে।
সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের স্কুলে বিস্ফোরণ। যদিও কাবুলের আগের হামলার সঙ্গে শনিবারের ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কুনারের স্কুলে বিস্ফোরণের কারণ এবং হতাহতের পূর্ণাঙ্গ তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।
১৯৭১-এ বাঙালিকে সাহায্য নয়, পাকিস্তানকে দুর্বল করেছিল ভারত! বিস্ফোরক বাংলাদেশের স্পিকারের
মৃত্যুর মুখ থেকে ফিরলেন ৮ ভারতীয় নাবিক! স্পেনের কাছে ডুবল ট্যাঙ্কার