শেষকৃত্যের ভেন্যু থেকে শ্রাদ্ধের মেনু, বেঁচে থাকতেই নিজে করুন আগাম বুকিং, সুযোগ দিচ্ছে দিল্লির স্টার্টআপ
নিজের শ্রাদ্ধের মেনুতে ভেটকি পাতুরি রাখবেন নাকি আপনার পছন্দের সর্ষে পাবদাই শ্মশানযাত্রীদের খাওয়াতে চান? মৃত্যুর পরে আপনার মরদেহ কোনও শববাহী শকট নয়, চার কাঁধে চেপেই অন্তিম যাত্রায় যাবে, মনের কোণে এমন ইচ্ছা থাকলে আগেই আয়োজন সেরে রাখতে পারবেন। শেষকৃত্যের ভেন্যু থেকে শ্রাদ্ধের মেনু, বেঁচে থাকতে থাকতেই, সজ্ঞানে আপনার শ্রাদ্ধবাসরের সমস্ত পরিকল্পনা করে ফেলতে পারবেন। শুনতে অদ্ভুত লাগলেও এ বার জীবিত থাকতেই নিজের শেষকৃত্যের বুকিং করার সুযোগ দিচ্ছে দিল্লির এক স্টার্টআপ।
বিয়ে, বাড়ি কেনা কিংবা বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আগে থেকে করেন অনেকেই। কিন্তু নিজের শেষযাত্রার আয়োজন? এ বার তাও সম্ভব। বাড়ি থেকে শ্মশান, চার কাঁধের ব্যবস্থা থেকে পুরোহিত, অস্থি বিসর্জন, এমনকি মৃত্যুর পরবর্তী ধর্মীয় অনুষ্ঠান— সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে দিল্লির এক সংস্থা। তাদের এই উদ্যোগ ঘিরেই এখন চর্চা।
মহানগরের ব্যস্ত জীবনে বদলে যাচ্ছে পরিবারের চেনা ছবিটা। ছোট হচ্ছে সংসার, সন্তানরা কাজের সূত্রে থাকছেন অন্য শহরে বা বিদেশে। আত্মীয়-প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগও আগের মতো নিবিড় নয়। ফলে পরিবারের কারও মৃত্যু হলে শোক সামলানোর পাশাপাশি শেষকৃত্যের আয়োজন করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই সমস্যার কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
শেষযাত্রার যাবতীয় দায়িত্ব
দিল্লির ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংস্থার স্টল ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ৩০০-র বেশি মানুষ পরিষেবার জন্য নাম নথিভুক্ত করেছেন।
মৃত্যুর পরে পরিবারের সদস্যরা কী করবেন, তা নিয়ে দুশ্চিন্তা না রেখে জীবিত অবস্থাতেই নিজের শেষকৃত্যের পছন্দ ও আয়োজনের কথা জানিয়ে রাখতে পারবেন যে কেউ। সংস্থার বক্তব্য, অনেক প্রবীণ মানুষই চান না তাঁদের মৃত্যুর পরে পরিবারের উপর অতিরিক্ত আর্থিক ও সাংগঠনিক চাপ তৈরি হোক। সেই ভাবনা থেকেই আগাম নাম নথিভুক্ত করার সুযোগ।
মৃত্যুর পরে পরিবারের সদস্যদের যাতে ছোটাছুটি করতে না হয়, সেই লক্ষ্যেই এক ছাতার তলায় শেষকৃত্যের যাবতীয় পরিষেবা দেওয়ার কথা বলছে সংস্থাটি। বাড়ি থেকে শ্মশান পর্যন্ত দেহ নিয়ে যাওয়ার বিশেষ গাড়ি, মৃতদেহ বহনের খাটিয়া, শেষকৃত্যের কাঠ ও পুজোর সামগ্রী, পুরোহিতের ব্যবস্থা—সবই রয়েছে পরিষেবার তালিকায়। শুধু তাই নয়, ফুল দিয়ে সাজানো থেকে শুরু করে ধর্মীয় আচার-অনুষ্ঠান, অস্থি সংগ্রহ এবং বিসর্জনের ব্যবস্থাও করে সংস্থাটি।
হিন্দু ধর্মীয় রীতি মেনে শেষকৃত্যের পরবর্তী অনুষ্ঠানগুলির ব্যবস্থাও রয়েছে। অস্থি বিসর্জনের জন্য নৌকা ও ঘাটের ব্যবস্থা, শান্তিপাঠ, ত্রয়োদশীর অনুষ্ঠান, পিণ্ডদান—প্রতিটি ক্ষেত্রেই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে সংস্থাটি। অর্থাৎ, শেষকৃত্যের দিন থেকে পরবর্তী কয়েক দিনের ধর্মীয় আচার পর্যন্ত দায়িত্ব নিতে প্রস্তুত তারা।
বেঁচে থাকতেই নিজের শেষবিদায়ের পরিকল্পনা!
এই উদ্যোগের সবচেয়ে আলোচিত দিক, জীবিত অবস্থাতেই নিজের শেষকৃত্যের পছন্দ ও আয়োজনের কথা জানিয়ে রাখতে পারবেন যে কেউ। সংস্থার বক্তব্য, মৃত্যুর পরে পরিবারের সদস্যদের যাতে শোকের মধ্যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে না হয়, সেই ভাবনা থেকেই আগাম বুকিংয়ের ব্যবস্থা। বিদেশে কোনও ভারতীয়ের মৃত্যু হলে তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াতেও সহযোগিতার করা হবে বলে দাবি সংস্থার।
শুধু অর্থের বিনিময়ে পরিষেবা নয়, আর্থিক ভাবে দুর্বল পরিবার, ভবঘুরে এবং পরিচয়হীন মৃতদেহের সম্মানজনক সৎকারেও বিনামূল্যে সাহায্য করার কথা জানিয়েছে তারা।
কত খরচ শেষবিদায়ের আয়োজনে?
পরিষেবার ধরন অনুযায়ী রয়েছে একাধিক প্যাকেজ। সংস্থার প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী—
পরিষেবা আনুমানিক খরচ
সম্মান সেবা ২৯,৯৯৯ টাকা
শ্রাদ্ধ সেবা ৬৯,৯৯৯ টাকা
মোক্ষ সংকল্প সেবা ১,৪৯,৯৯৯ টাকা
শেষযাত্রার গাড়ি ৫,৯৯৯ টাকা
খাটিয়া ও পুজোর সামগ্রী ৯,৯৯৯ টাকা
পুরোহিতের পরিষেবা ৫,৯৯৯ টাকা
অস্থি সংগ্রহ ২,৯৯৯ টাকা
অস্থি বিসর্জন ৫,৯৯৯ টাকা
শান্তিপাঠ ৫,৯৯৯ টাকা
ত্রয়োদশীর অনুষ্ঠান ৫,৯৯৯ টাকা
পিণ্ডদান ১৫,০০০–৩০,০০০ টাকা
সবচেয়ে কম খরচের সম্মান সেবা প্যাকেজের দাম ২৯,৯৯৯ টাকা। আর মোক্ষ সংকল্প প্যাকেজের জন্য গুনতে হবে প্রায় দেড় লক্ষ টাকা। এই প্যাকেজে শেষকৃত্যের পাশাপাশি মৃত্যুর পরবর্তী ১৩ দিনের আচার-অনুষ্ঠানের ব্যবস্থাও রয়েছে। তবে স্থান ও পরিষেবার ধরন অনুযায়ী খরচের পরিবর্তন হতে পারে।
মৃত্যু নিয়ে কথা বলতে আমরা অনেকেই অস্বস্তি বোধ করি। নিজের শেষযাত্রার পরিকল্পনা তো আরও দূরের বিষয়। কেউ এই উদ্যোগকে পরিবারের প্রতি দায়িত্ববোধের প্রকাশ হিসেবে দেখছেন, কারও আবার প্রশ্ন—শেষবিদায়ের মতো আবেগঘন বিষয়ও কি এ বার পরিষেবার প্যাকেজে বাঁধা পড়বে? তবে দিল্লির এই স্টার্টআপ অন্তত একটা অস্বস্তিকর বাস্তবতার দিকে চোখ ফেরাচ্ছে—প্রিয়জনকে হারানোর শোকের মধ্যেও অনেক পরিবারকে শেষকৃত্যের আয়োজন নিয়ে হিমশিম খেতে হয়।