Jeet Gannguli Mother: মাকে হারালেন জিৎ গঙ্গোপাধ্যায়, চোখের জলে কী লিখলেন সুরকার? | Jeet ganguly mother meena ganguly passes away at 75 keoratola cremation
চলে গেলেন সঙ্গীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ের মা মীনা গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মায়ের মৃত্যুর এই শোকসংবাদ সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন জিৎ।
মায়ের একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানান জিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘আমার মা, মিসেস মীনা গঙ্গোপাধ্যায়, আজ (শুক্রবার) সকাল ৯টায় পরলোকগমন করেছেন। আমার পৃথিবী শূন্য হয়ে গেল। এই মুহূর্তে ব্যক্তিগত ভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সকলে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।’
খবর অনুযায়ী, মায়ের শেষকৃত্যে সামিল হতে মুম্বই থেকে স্ত্রীকে নিয়ে দ্রুত কলকাতায় রওনা দিয়েছেন জিৎ। আজ রাতেই কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মীনা গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর প্রয়াণের খবরে সঙ্গীত ও চলচ্চিত্র জগতের বহু সহকর্মী এবং অনুরাগীরা জিতের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জিৎ গঙ্গোপাধ্যায় পোস্ট—
জিতের জীবনের অন্যতম প্রধান প্রেরণা ছিলেন তাঁর মা; তাঁর সৃষ্ট বহু গানেই মা ও মাতৃত্বের ছোঁয়া বারবার উঠে এসেছে। মায়ের চলে যাওয়ায় সেই ভরসার জায়গাটি চিরতরে ফাঁকা হয়ে গেল। উল্লেখ্য, গত জুলাই মাসে মায়ের জন্মদিনেও একটি হৃদয়স্পর্শী পোস্ট করেছিলেন জিৎ। সে দিন তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মা। তুমি আমার জন্য প্রার্থনা করতে, যখন আমি এই পৃথিবীর আলো দেখিনি। আর আজ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি— তুমি যেন সবসময় সুখী, সুস্থ ও হাসিখুশি থাকো। কারণ, তোমার হাসিই আমার দিনটিকে সুন্দর করে তোলে।’