Asansol Pratap Das: সেভেনেই হাতে খড়ি! কীভাবে আসানসোল-পুুরুলিয়া বেল্টের ত্রাস হয়ে উঠেছিল ২৫ বছরের প্রতাপ? | Entered Crime in Class 7: How Pratap Das Became the Terror of Asansol Purulia Belt
প্রতাপ দাসImage Credit: TV9 Bangla
আসানসোল: তখন ক্লাস সেভেন। একটা মুদি দোকানে চুরির অভিযোগ ওঠে প্রতাপের বিরুদ্ধে। তখন ধরাও পড়ে। জুভেনাইল হোমে পাঠানো হয় তাকে। কয়েক বছর পর ফিরে আসে। কিন্তু সংশোধন হয় না। বরং আরও বেড়ে ওঠে প্রতাপ। আরও ভালো ভাবে হাত পাকায়। চুরির গণ্ডি টপকে ডাকাতি, অস্ত্র হাতে এলাকায় দাপাদাপি! আসানসোল, হিরাপুর, সালানপুর, পুরুলিয়া, গোটা এলাকা জুড়ে একচেটিয়া দাপট বাড়ে বছর পঁচিশের প্রতাপ দাসের।
২০২৩ সালে প্রতাপের বিরুদ্ধে একটি পেট্রল পাম্পে গুলি চালনার অভিযোগে গ্রেফতার হয় প্রতাপ। কয়েক বছর জেলও খাটে। মুক্তির পর ফিরে এসে এবার নয়া অপরাধের দুনিয়ায় পা রাখে প্রতাপ। সাইবার প্রতারণা। একটি বিয়ের বিজ্ঞাপনী সাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে প্রতাপের বিরদ্ধে। এরকমই একটি সাইবার প্রতারণার অভিযোগে গত বুধবার প্রতাপের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। আর পাঁজাগলির পিছনে প্রতাপের মামাবাড়ি। দুটো এলাকাই পাশাপাশি। ফলে ওই অলিগলি, সেখানকার মানুষ প্রতাপের পরিচিত। পাড়ায় ‘প্যাঁও’ নামে পরিচিত প্রতাপ। ‘প্যাঁও’ ভেবে নিয়েছিল, পুলিশের হাত থেকে বাঁচার সবথেকে বেশি নিরাপদ স্থান হবে পাড়ার গলিই। ভেবেছিল, যে পাড়ায় বেড়ে ওঠা, সেখানকার লোক তার পাশেই থাকবে। সেখানেই ঘাপটি মেরে ছিল সে। কিন্তু পুলিশের কাছে সে খবর পৌঁছয়।
ইসমাইলের গুরু নানক পল্লির বাড়িতে হানা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। এরপরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গোটা শিল্পাঞ্চল জুড়ে চিরুনি তল্লাশি এবং বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং শুরু হয়। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ ও বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস সহ তার গ্যাংয়ের প্রায় পনেরো থেকে কুড়ি জনকে আটক করে পুলিশ।
বিভিন্ন থানায় তার নামে প্রায় কুড়িটি মামলা রয়েছে। ঘনঘন ডেরা, সিম কার্ড ও বাইক পাল্টে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিচ্ছিল সে। শুক্রবারের এই গ্রেফতারিতে বড়সড় সাফল্য পেল পুলিশ।