সৌরভের পরে এ বার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুক আউট সার্কুলার, CJP-র তিন নেতার বিদেশযাত্রায় বাধা? - 24 Ghanta Bangla News
Home

সৌরভের পরে এ বার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুক আউট সার্কুলার, CJP-র তিন নেতার বিদেশযাত্রায় বাধা?

Spread the love

কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও জারি করা হল লুক আউট সার্কুলার (LOC)। এর আগে দলের সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধেও একই পদক্ষেপ করা হয়েছিল। ফলে CJP-র তিন নেতার বিদেশযাত্রা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে অনুমতি ছাড়া বিক্ষোভ দেখানোর অভিযোগে দায়ের হওয়া মামলার সূত্রেই এই পদক্ষেপ বলে খবর।

কেন এই পদক্ষেপ পুলিশের?

পুলিশের সূত্রে খবর, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা ছিল। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে LOC জারি করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিমানবন্দর বা অন্য কোনও আন্তর্জাতিক প্রবেশ-প্রস্থানের পথে দেশ ছাড়তে গেলে অভিবাসন দপ্তরের নজরে পড়বেন। তাঁদের বিদেশযাত্রা আটকানোও সম্ভব হতে পারে।

কোন মামলায় LOC?

ঘটনার সূত্রপাত গত ২ অক্টোবর। গান্ধী জয়ন্তীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘চলো মুম্বই’ কর্মসূচির ডাক দিয়েছিল CJP। SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে শিবাজি পার্কে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পুলিশের অনুমতি না থাকলেও ওই দিন জমায়েত হয়। উপস্থিত ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং পরিচালক আনন্দ পটবর্ধন। মঞ্চ থেকে পুলিশকে ধন্যবাদ জানিয়েছিলেন অভিজিৎ দীপকে। দিল্লি পুলিশের সঙ্গে তুলনা টেনে মুম্বই পুলিশের ভূমিকার প্রশংসাও করেছিলেন তিনি।

পরের দিনই শিবাজি পার্ক থানায় FIR দায়ের করে পুলিশ। অভিজিৎ, আশুতোষ, সৌরভ-সহ CJP-র একাধিক নেতা এবং ৪০০-র বেশি সমর্থকের বিরুদ্ধে বেআইনি জমায়েত ও সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ ও ২২৩ ধারা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭ ও ১৩৫ ধারায় মামলা হয়েছে।

সৌরভ দাসের বিদেশযাত্রা ঘিরে বিতর্ক

এর আগে ২৩ নভেম্বর লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হয় সৌরভ দাসকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনাচক্রে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। পরে দিল্লি হাই কোর্টে কেন্দ্র জানায়, মহারাষ্ট্র পুলিশের অনুরোধেই তাঁর বিরুদ্ধে LOC জারি হয়েছিল। পাশাপাশি তাঁর পাসপোর্টে জন্মস্থান, ঠিকানা ও পারিবারিক পরিচয় সংক্রান্ত অসঙ্গতির অভিযোগে পৃথক নোটিসও দেওয়া হয়েছে। সৌরভের আইনজীবী অখিল সিবাল প্রশ্ন তোলেন, আগাম নোটিস ছাড়া কী ভাবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও তাঁর বিদেশযাত্রা আটকানো হলো? মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *