সংবিধান লঙ্ঘিত তৃণমূলের রাজত্বেই, তোপ শুভেন্দুর, পাল্টা বিরোধীদের
শুধু জরুরি অবস্থার সময়েই নয়, বাংলায় তৃণমূল জমানায় বারবার সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। এ দিন ‘সংবিধান দিবস’ উপলক্ষে বিধানসভায় সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দেন শুভেন্দু। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ রাজ্যের বিগত সরকার সংবিধানের চারটি স্তম্ভকেই আক্রমণ করেছিল। এমনকী, সংবাদমাধ্যমকেও। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করেছে, এ রকম অভিযোগ কেউ তুলতে পারবে না।’ তৃণমূল সরকার তাঁর সঙ্গে কী কী সংবিধান বর্হিভূত আচরণ করেছে, সেই বর্ণনা দিতে গিয়ে শুভেন্দুর সংযোজন, ‘আমি বিরোধী দলনেতা ছিলাম। পাঁচ বার সাসপেন্ড করেছিল আমাকে। মোট সাড়ে এগারো মাস বিধানসভার বাইরে ছিলাম।’ মুখ্যমন্ত্রীর আক্রমণ, ‘অতীতে যাঁরা সংবিধান মানেননি, তাঁরাই এখন সংবিধানের কথা বলছেন! মানুষ সব দেখছে।’ তৃণমূল নয়, বিজেপি–ই যে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, সেটা বোঝাতে গিয়ে গত বিধানসভা ভোটের সঙ্গে ২০২৬–এর বিধানসভা ভোটের তুলনা টানেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২০২১–এ বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাসের কথা মানুষ জানে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, ২০২৬–এ স্বচ্ছ এবং অবাধ নির্বাচন করানোর জন্য। গত পঞ্চাশ বছরে এ রকম ভোট হয়নি (বাংলায়)। এক জনেরও প্রাণ যায়নি। কেউ আহত হয়ে হাসপাতালে ভর্তি হননি। এটাই পরিবর্তন।’