মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন ৩৫ থেকে ২২! অসমে সীমানা ডিলিমিটেশনের প্রভাব

ভারতের নির্বাচনী রাজনীতিতে সীমানা পুনর্নির্ধারণ বা ‘ডিলিমিটেশন’ প্রক্রিয়া (Delimitation)কীভাবে ক্ষমতার সমীকরণ আমূল বদলে দিতে পারে, তার সবচেয়ে বড় ও বাস্তব উদাহরণ হয়ে উঠেছে অসম। কোনো অতিরিক্ত বিধানসভা আসন না বাড়িয়েও অর্থাৎ মোট আসন সংখ্যা ১২৬টি অপরিবর্তিত রেখে শুধুমাত্র নির্বাচনী এলাকার ভৌগোলিক সীমানা পরিবর্তনের মাধ্যমে অসমের রাজনৈতিক মানচিত্রে এক বড়সড় পালাবদল ঘটেছে।
২০২৩ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অসমে লোকসভা ও বিধানসভা আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়ার মূল প্রভাব পড়েছে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর জনবিন্যাস এবং ভোটের অঙ্কে। পরিসংখ্যান বলছে, সীমানা পুনর্নির্ধারণের আগে অসমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভা আসনের সংখ্যা ছিল আনুমানিক ৩৫টি, যা পুনর্বিন্যাসের পর কমে দাঁড়িয়েছে মাত্র ২২ থেকে ২৩টিতে।
আরও দেখুনঃ সফ্টওয়ার ব্যবহার করে গাড়ির গতিতে কারচুপি! অসমে পুলিশের জালে দুষ্ট চক্র
এই পরিবর্তনের সবচেয়ে চমকপ্রদ প্রভাব দেখা গিয়েছে নিম্ন অসমের দুই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ধুবড়ি এবং বরপেটায়। ২০২৩ সালের আগে এই দুটি কেন্দ্রেই মুসলিম ভোটারের হার ছিল ৫০ শতাংশের বেশি। কিন্তু ডিলিমিটেশনের সময় পার্শ্ববর্তী বেশ কয়েকটি মুসলিম অধ্যুষিত এলাকাকে কেটে ধুবড়ি লোকসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এর ফলে ধুবড়িতে মুসলিম ভোটারের অনুপাত একলাফে ৮৫ শতাংশের ওপরে পৌঁছে যায়।
অন্যদিকে, বরপেটা থেকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো বাদ যাওয়ায় সেখানে মুসলিম ভোটারের হার ৫০ শতাংশের ওপর থেকে নেমে মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশে দাঁড়ায়। এর সরাসরি প্রতিফলন দেখা যায় লোকসভা নির্বাচনের ফলাফলে ধুবড়ি আসনে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করলেও, বরপেটা আসনটি দখল করে নেয় এনডিএ জোটের শরিক অসম গণ পরিষদ (এজিপি)। একই ধরনের নাটকীয় পরিবর্তন ঘটেছে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা আসনেই জয়লাভ করেছিলেন বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ (AIUDF)-এর প্রার্থীরা। কিন্তু সীমানা পুনর্নির্ধারণের পর জেলার তিনটি বিধানসভা আসনকে পুনর্গঠন করে দুটি আসনে পরিণত করা হয়। নতুন বিন্যাসে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারের হার ৫৯ শতাংশ থেকে কমে ৩৭ শতাংশে নেমে আসে, যার ফলে সেখানে সংখ্যালঘু ভোটের একচেটিয়া প্রভাব আর থাকেনি। তবে জেলার অপর আসন আলগাপুর-কাটলিছড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠই রয়ে গিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষক ও বিরোধী দলগুলোর একাংশের মতে, (Delimitation)আসনের সংখ্যা না বাড়িয়ে শুধুমাত্র সীমানা অদলবদল করার এই কৌশলটি সংখ্যালঘু ভোটকে নির্দিষ্ট কয়েকটি আসনে ‘কনসেন্ট্রেট’ বা কেন্দ্রীভূত করে দিয়েছে। এর ফলে সেই নির্দিষ্ট আসনগুলোতে বিরোধী বা সংখ্যালঘু সমর্থিত প্রার্থীরা বিপুল ব্যবধানে জিতলেও, পার্শ্ববর্তী বহু আসনে সংখ্যালঘু ভোট নির্ণায়ক শক্তি হিসেবে দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে, শাসক শিবির ও সমর্থকদের দাবি, জনসংখ্যার ভারসাম্য রক্ষা এবং ভূমিপুত্রদের রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখতেই সাংবিধানিক নিয়ম মেনে এই সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে।