টাকা থাকলে মুক্তি, গরিবের জেল! বিচারব্যবস্থা নিয়ে সরব রাজ্যপাল

কলকাতা: “যাঁদের প্রচুর টাকা রয়েছে, তাঁরা ছাড়া পেয়ে যান। আর গরিব মানুষকে জেলে যেতে হয়।” দেশের বিচারব্যবস্থা নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল আর এন রবি (RN Ravi)। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপ্রক্রিয়া, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা এবং ন্যায়বিচারের ধারণা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, বিচারব্যবস্থার চোখ বন্ধ করে রাখার পুরনো ধারণা বদলানো প্রয়োজন। বিচার করার সময় বিচারকদের আরও সচেতন ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে হবে।
‘বিচারব্যবস্থা কি শুধু আম্পায়ারের ভূমিকা পালন করছে?’
বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল প্রশ্ন তোলেন, আদালত কি সত্যিই ন্যায়বিচার করছে, নাকি কেবল আম্পায়ারের মতো ভূমিকা পালন করছে? তাঁর বক্তব্য, তদন্তে কোনও ত্রুটি পাওয়া গেলে শুধু সেই কারণ দেখিয়ে মামলা খারিজ করে দেওয়া হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না।
ধর্ষণ বা খুনের মতো গুরুতর অপরাধে অভিযুক্তরা খালাস পেলে সাধারণ মানুষের বিচারব্যবস্থার উপর আস্থা কমে যায় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, তদন্তে ত্রুটি থাকলে সেই বিষয়টি সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত।
বিচারের ক্ষেত্রে চোখ বেঁধে রাখার প্রাচীন ধারণা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের চোখ খোলা রেখে পরিস্থিতি বিচার করতে হবে। ঔপনিবেশিক আমল থেকে চলে আসা কিছু ধারণা ও প্রথা এখনও বিচারব্যবস্থায় রয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ALSO READ | বাংলায় ৪.৫৭ লক্ষ বিশেষ চাহিদাসম্পন্ন ভোটার, বাড়ি থেকেই ভোটের সুযোগ
বিচারব্যবস্থার বাণিজ্যিকীকরণ নিয়েও উদ্বেগ
বিচারব্যবস্থার বাণিজ্যিকীকরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। কিছুদিন আগে একটি মুট কোর্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
রবি জানান, চূড়ান্ত বর্ষের আইন পড়ুয়ারা ওই মুট কোর্টের আয়োজন করেছিলেন। সেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তাঁদের পেশা বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানান এবং আইনজীবীদের বিপুল আয়ের প্রসঙ্গ উল্লেখ করেন। কয়েকজন সুপ্রিম কোর্টের আইনজীবীর নাম করে তাঁদের বিপুল পরিমাণ আয়কর দেওয়ার কথাও বলেন।
রাজ্যপালের মতে, এই ধরনের বক্তব্য বিচারব্যবস্থা সম্পর্কে একটি বাণিজ্যিক মানসিকতার প্রতিফলন ঘটায়। তিনি একে সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, বিচার ও সংবিধানের রক্ষকদের মধ্যেও যদি এমন মানসিকতা প্রবেশ করে, তা হলে তা উদ্বেগের বিষয়।
ALSO READ | অরেঞ্জ বাস উদ্বোধনে ‘ভারত মাতা মুর্দাবাদ’ স্লোগান! এনামুলকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা
বিচারব্যবস্থার মানসিকতায় পরিবর্তনের আহ্বান
রাজ্যপাল বলেন, দেশের বিচারব্যবস্থায় প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও মানসিকতার সামগ্রিক পরিবর্তন। সরকার সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করছে। কিন্তু ফৌজদারি বিচারব্যবস্থার ক্ষেত্রেও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
কোনও অভিযুক্ত বা অপরাধী যদি আইনের ফাঁক গলে বেরিয়ে যান, তা হলে সাধারণ মানুষের বিচারব্যবস্থার উপর আস্থা নষ্ট হয় বলে মন্তব্য করেন তিনি।
তাঁর বক্তব্য, রাষ্ট্রের তিনটি স্তম্ভকেই চলমান পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে। কোনও প্রতিষ্ঠানই পুরনো চিন্তাভাবনা ও ব্যবস্থার মধ্যে আটকে থাকতে পারে না।
তরুণ আইনজীবীদের উদ্দেশে কী বার্তা রাজ্যপালের?
অনুষ্ঠানে উপস্থিত আইন পড়ুয়াদের উদ্দেশে বিশেষ বার্তা দেন রাজ্যপাল। তিনি বলেন, শুধু আদালতের রায় উদ্ধৃত করা কিংবা মামলা লড়ার কৌশল শেখার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। তরুণ আইন পড়ুয়াদের স্বাধীনভাবে চিন্তা করতে হবে এবং প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন পথ দেখাতে হবে।
বিভিন্ন অনুষ্ঠানে পড়ুয়াদের আদালতে মামলা লড়ার মতো করে বক্তব্য রাখতে দেখেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, তরুণদের দায়িত্ব শুধু পুরনো ব্যবস্থাকে অনুসরণ করা নয়, বরং প্রয়োজনীয় পরিবর্তনের পথ তৈরি করা।
দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার আহ্বান জানিয়ে রাজ্যপাল বলেন, প্রবীণ প্রজন্মের কাছ থেকে বেশি প্রত্যাশা না করে তরুণদের নিজেদের চিন্তাভাবনায় নতুনত্ব আনতে হবে। দেশের জন্য নতুন করে ভাবতে এবং সংবিধানের মূল আদর্শকে গুরুত্ব দিতে আইন পড়ুয়াদের পরামর্শ দেন তিনি।