জাল নথি বানিয়ে হাসপাতালে চাকরির অভিযোগ, পুলিশের জালে ৪ অভিযুক্ত
সোশ্যাল মিডিয়ায় চলছিল দেদার জালিয়াতি। রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের (SOG) জালে এ বার ডাক্তার জালিয়াতি চক্রের ৪ জন। পুলিশ সূত্রে খবর, রামকিশোর মাহাওয়ার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি ১১ ক্লাস পাস করে জাল এমবিবিএস এবং এমডি ডিগ্রি দেখিয়ে দিল্লির হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ করছিলেন। এই চক্রের সঙ্গে মোট চার জন ব্যক্তি জড়িত ছিলেন। অভিযুক্ত রামকিশোর মাহাওয়ারকে রাজস্থানের করাউলি থেকে গ্রেপ্তার করা হয়। দুজনকে মুম্বই থেকে এবং লখনৌ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সোশ্যাল মিডিয়াতেই চালানো হতো। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমবিবিএস ও এমডি ডিগ্রিগুলো প্রায় ৫.৫ লক্ষ টাকায় বিক্রি করতেন ওই দলের সদস্যরা। ২০২৪ সালের অক্টোবর মাসে রাজস্থান মেডিকেল কাউন্সিলের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই রাজস্থান পুলিশের এসওজি টিম ওই চক্রের বিরুদ্ধে গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছিলেন।
পুলিশ রাজস্থান, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ওই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায়। এর পরে রাজস্থানের করাউলি থেকে প্রধান অভিযুক্ত রামকিশোর মাহাওয়ারকে গ্রেপ্তার করা হয়। মুম্বই থেকে সত্যজিৎ পানিগ্রাহী ও মনীশ মানজি এবং উত্তর প্রদেশের লখনউ থেকে গ্রেপ্তার হন খুররম তৌফিক।
প্রথমে, সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতেন সত্যজিৎ। তাঁর প্রধান কাজ ছিল ব্যক্তিদের সাথে যোগাযোগ করে ডিগ্রির বিষয়ে আলোচনা করা। তার পরে ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী ডিগ্রি বিক্রি করতেন তিনি। তাঁদের দ্বিতীয় কাজ ছিল জাল ডিগ্রি ও মার্কশিট তৈরি করা। সেই কাজটি করত মনীশ মানজি। তিনি ওই জাল মার্কশিট, ডিগ্রি ও ডিপ্লোমার সার্টিফিকেট তৈরি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সত্যজিতকে পাঠাতেন।
তৃতীয় পর্যায়ে কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গুলিতে জাল ডিগ্রিগুলো আপলোড করা। যা এই পুরো নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তদন্তে জানা গেছে যে, জাল ডিগ্রিগুলো তৈরি করার পর অন্য একজন ব্যক্তি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেগুলো অনলাইনে আপলোড করার দায়িত্বে ছিলেন।
রাজস্থান পুলিশের এসওজি টিম ইতিমধ্যেই ওই চার অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাঁদের কাছে থাকা সমস্ত জাল সার্টিফিকেট, অনলাইনে থাকা বিভিন্ন অ্যাকাউন্ট গুলি বন্ধ করা হয়েছে ও অন্যান্য কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও এই চক্রে আর কোনও ব্যক্তি জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এই ঘটনার পাশাপাশি উত্তর প্রদেশে আরও ৪১ জন ভুয়ো আয়ুর্বেদ চিকিৎসকেরও খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরাও জাল সার্টিফিকেটের ভিত্তিতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ।