২৫% বেশি ডাউনফোর্স নিয়ে আসছে নতুন Kawasaki Ninja ZX-10R

নয়াদিল্লি: সুপারবাইকপ্রেমীদের জন্য সুখবর। খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে আপডেটেড Kawasaki Ninja ZX-10R। জাপানি সংস্থাটি আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে নতুন মডেলটি ভারতীয় বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এমনকি তার আগেও লঞ্চ হতে পারে বাইকটি। নতুন সংস্করণে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ডিজাইনে। যুক্ত হয়েছে নতুন উইংলেট, যার ফলে ডাউনফোর্স ২৫ শতাংশ বাড়বে বলে দাবি করেছে Kawasaki। তবে ইঞ্জিনের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন থাকছে না।
নতুন ডিজাইনে আরও আগ্রাসী চেহারা
আপডেটেড Ninja ZX-10R-এ Kawasaki-র পরিচিত ‘সুগোমি’ ডিজাইন দর্শনের আরও ধারালো রূপ দেখা যাবে। সামনের ফেয়ারিংয়ের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে নতুন উইংলেট। সংস্থার দাবি, এই উইংলেটের কারণে আগের তুলনায় ২৫ শতাংশ বেশি ডাউনফোর্স পাওয়া যাবে। উচ্চ গতিতে বাইকের স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বাড়াতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এছাড়া র্যাম এয়ার ইনটেকের অবস্থান এবং হেডল্যাম্পের ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে। নতুন হেডল্যাম্পের নকশার সঙ্গে ইতিমধ্যেই ভারতে লঞ্চ হওয়া আপডেটেড Kawasaki Ninja ZX-6R-এর মিল রয়েছে।
৯৯৮ সিসির ইঞ্জিনেই মিলবে ২০৬ এইচপি শক্তি
নতুন Ninja ZX-10R-এ আগের ৯৯৮ সিসির ইনলাইন-ফোর, লিকুইড-কুলড ইঞ্জিনই থাকছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৩,০০০ আরপিএমে ২০৬ এইচপি শক্তি এবং ১১,৪০০ আরপিএমে ১১০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।
অর্থাৎ, ইঞ্জিনের পারফরম্যান্সে বড় কোনও পরিবর্তন না এনে ডিজাইন, অ্যারোডাইনামিক্স এবং প্রযুক্তির উন্নতির দিকে নজর দিয়েছে Kawasaki।
নতুন ৫ ইঞ্চির TFT ডিসপ্লে ও রাইডিং ফিচার
প্রযুক্তিগত দিক থেকে নতুন বাইকে থাকছে ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। তবে আগের মডেলের বিস্তৃত রাইডার-অ্যাসিস্ট প্যাকেজ অপরিবর্তিত রাখা হয়েছে।
এর মধ্যে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, একাধিক রাইডিং মোড, ক্রুজ কন্ট্রোল এবং বাই-ডিরেকশনাল কুইকশিফটার। ব্রেকিং ও সাসপেনশন ব্যবস্থাতেও কিছু ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে।
ZX-10RR ভারতে আসার সম্ভাবনা কম
আন্তর্জাতিক বাজারে Ninja ZX-10R এবং আরও উন্নত ZX-10RR, দুই সংস্করণই পাওয়া যাচ্ছে। ব্রিটেনে ZX-10R-এর দাম ১৬,১৯৯ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ১৯.৬৬ লক্ষ টাকা। অন্যদিকে, ZX-10RR-এর দাম ২৪,৭৯৯ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ৩০.০৯ লক্ষ টাকা।
তবে ZX-10RR ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। স্ট্যান্ডার্ড ZX-10R-এর তুলনায় এই সংস্করণে রয়েছে প্যাঙ্কল-এর তৈরি হালকা পিস্টন, টাইটানিয়াম কানেক্টিং রড, টাইটানিয়াম-কোটেড ফর্ক টিউব, স্টিল-ব্রেইডেড ব্রেক লাইন এবং পিরেলি ডায়াবলো সুপারকর্সা এসপি ভি৩ টায়ার।
আগের মডেলের তুলনায় দাম কমবে?
ভারতে বর্তমান Ninja ZX-10R লঞ্চ হয়েছিল ১৯.৪৯ লক্ষ টাকা এক্স-শোরুম দামে। পরে বাইকটির উপর সর্বোচ্চ ২.৮৯ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল। বর্তমানে অধিকাংশ ডিলারশিপে বাইকটি বিক্রি হয়ে গিয়েছে।
আগের মডেলের বিক্রি বাড়াতে বড় অঙ্কের ছাড় দিতে হয়েছিল Kawasaki-কে। তাই নতুন সংস্করণটির দাম আরও প্রতিযোগিতামূলক রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সংস্থার তরফে এখনও কোনও দাম ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, Kawasaki-র ভারতীয় ওয়েবসাইটে বর্তমান Ninja ZX-10R-কে ২০২৬ সালের মডেল হিসেবে দেখানো হলেও সেটি আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া সর্বশেষ সংস্করণ নয়। নতুন মডেলটি আগামী বছরের এপ্রিলের মধ্যে ভারতে আসতে পারে। এখন নজর থাকবে লঞ্চের নির্দিষ্ট তারিখ এবং দাম ঘোষণার দিকে।