১২০০ তে ১২০০, অল ইন্ডিয়া টেস্টে বড় সাফল্য পল্লবীর, পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
হাওড়ার তরুণীর বড় সাফল্য। চলতি বছর অল ইন্ডিয়া ট্রেড টেস্টে (All India Trade Test – AITT) টপ পজিশন পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নিলেন তিনি। ওই তরুণী হাওড়ার শ্যামপুরের বাসিন্দা, নাম পল্লবী প্রামাণিক। এআইটিটি আয়োজিত পরীক্ষায় ১২০০ মধ্যে ১২০০ নম্বর পেয়েছেন তিনি।
২০২৪ সালে হাওড়া হোমসের গভর্নমেন্ট আইটিআই-তে ড্রাফটসম্যান মেকানিক্যাল ট্রেডে ভর্তি হয়েছিলেন পল্লবী। দু’বছর সেখানেই পড়াশোনা করেন। চলতি বছরের পরীক্ষায় ইস্টার্ন জোন থেকে ৪ জন টপার হয়েছেন, তার মধ্যে পল্লবী একজন। এ ছাড়াও, হাওড়া হোমস থেকে মোট ৭ জন বিভিন্ন ট্রেডে অল ইন্ডিয়া টেস্টে টপার হয়েছেন। গত ২১ নভেম্বর লখনউতে কৌশল দীক্ষান্ত সমারোহ ২০২৬-এ তাঁকে পুরস্কৃত করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। টপারদের সার্টিফিকেট ও পুরস্কারও দেন তিনি।
এ প্রসঙ্গে পল্লবী জানান, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তাঁর টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন। গভর্নমেন্ট আইটিআই হাওড়া হোমসের ড্রাফটসম্যান মেকানিক্যাল ট্রেডে চান্স পান। দু’বছর পড়াশোনার পর পরীক্ষায় পাস করেন। প্রধানমন্ত্রী হাত থেকে পুরস্কার নেওয়া তাঁর কাছে স্বপ্নের মতো ছিল বলেও জানান তিনি। পাশাপাশি, এই সাফল্যের জন্য তাঁর পরিবারের লোকজন পল্লবীর শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে পল্লবী এনএসটিআই দাশনগরে সিআইটিএস কোর্সে পড়াশোনা করছেন। পল্লবী স্কিল এডুকেশন নিয়েই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চান।
এ প্রসঙ্গে হাওড়া হোমসের শিক্ষক বিপ্লব বাগ বলেন, ভর্তির সময় থেকেই পল্লবীর মধ্যে পড়াশোনার বিষয়ে বেশ আগ্রহ লক্ষ্য করেছিলাম। শুরু থেকেই সে পড়াশোনার প্রতি মনযোগী ছিল। অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে। সকলের সহযোগিতায় পল্লবীর এই সাফল্য সম্ভব হয়েছে। হাওড়া হোমসের সকল শিক্ষক-শিক্ষিকা তাঁর এই সাফল্য ভীষণ খুশি।
ড্রাফটসম্যান মেকানিক্যাল ট্রেডে কী?
ড্রাফটসম্যান মেকানিক্যাল (Draughtsman Mechanical) হলো, একটি দুই বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণ বা কারিগরি ট্রেড। যেখানে মেশিন, যন্ত্রাংশ এবং শিল্পকাঠামোর নির্ভুল কারিগরি নকশা ও ড্রয়িং তৈরি করতে শেখানো হয়। এটি সাধারণত আইটিআই (ITI)-এর অধীনে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম (CTS)-এর আওতায় পড়ানো হয়।
FAQ
১. AITT পরীক্ষা কারা পরিচালনা করে?
ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং (DGT), ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT)-এর অধীনে এই পরীক্ষা পরিচালনা করে।
২. এই পরীক্ষায় কারা অংশ নিতে পারে?
স্বীকৃত আইটিআই (ITI) থেকে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম (CTS)-এর অধীনে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থী এবং অ্যাপ্রেন্টিসশিপ (ATS) সম্পন্নকারী প্রশিক্ষণার্থীরা এই পরীক্ষায় বসতে পারেন। এর জন্য ন্যূনতম ৮০% উপস্থিতি এবং অভ্যন্তরীণ বা ফরমেটিভ অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
৩. পরীক্ষার ধরন বা প্যাটার্ন কী?
পরীক্ষাটি মূলত দুটি অংশে হয়—ট্রেড প্র্যাকটিক্যাল (ব্যবহারিক পরীক্ষা) এবং কম্পিউটার বেসড টেস্ট (CBT)। CBT পরীক্ষায় ট্রেড থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং এমপ্লয়েবিলিটি স্কিলস থেকে মোট ৭৫টি বহুনির্বাচনী প্রশ্ন (১৫০ নম্বর) থাকে।
৪. পরীক্ষায় পাশের ন্যূনতম নম্বর কত?
থিওরি (CBT) পরীক্ষায় ন্যূনতম ৩৩% থেকে ৪০% (বিধি অনুযায়ী) এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেতে হয়। অনুত্তীর্ণ হলে রেগুলার পরীক্ষার পর অতিরিক্ত ৩টি সাপ্লিমেন্টারি সুযোগ দেওয়া হয়।