শত্রুর ড্রোন ধ্বংসে আরও শক্তিশালী ভারত, পোখরানে পরীক্ষায় পাশ ‘ভার্গবাস্ত্র’ - 24 Ghanta Bangla News
Home

শত্রুর ড্রোন ধ্বংসে আরও শক্তিশালী ভারত, পোখরানে পরীক্ষায় পাশ ‘ভার্গবাস্ত্র’

Spread the love


পোখরান: শত্রুপক্ষের ড্রোন হামলা ঠেকাতে আরও এক ধাপ এগোল ভারত। রাজস্থানের পোখরানে সফল হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ‘ভার্গবাস্ত্র’। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে একাধিক পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। প্রতিটি পরীক্ষাতেই সাফল্য পেয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে ভবিষ্যতে আকাশপথে ড্রোন হামলা মোকাবিলায় ভারতের সামরিক শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএল) তৈরি করেছে এই বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। ছোট আকারের ক্ষেপণাস্ত্র বা মাইক্রো মিসাইল প্রযুক্তির উপর নির্ভর করেই তৈরি হয়েছে ‘ভার্গবাস্ত্র’। শত্রুপক্ষের ছোট ড্রোন চিহ্নিত করা থেকে শুরু করে সেগুলিকে ধ্বংস করা, দু’টি কাজই করতে সক্ষম এই ব্যবস্থা। প্রায় আড়াই কিলোমিটার দূরত্ব থেকে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত করতে পারে এটি।

আধুনিক যুদ্ধের ময়দানে ড্রোনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত থেকে শুরু করে পশ্চিম এশিয়ার বিভিন্ন সংঘর্ষে নজরদারি ও হামলার কাজে ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে চালকবিহীন আকাশযান। গত বছর ভারত-পাকিস্তান সংঘাতের সময়ও ড্রোন হামলার ঘটনা সামনে এসেছিল। পাকিস্তানের দিক থেকে আসা একাধিক ড্রোন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করে।

এই পরিস্থিতিতে শত্রুপক্ষের ড্রোন মোকাবিলায় নিজস্ব প্রযুক্তির উপর নির্ভরতা বাড়াতে চাইছে ভারত। সেই লক্ষ্যেই তৈরি হয়েছে ‘ভার্গবাস্ত্র’। এর আগে ওড়িশার গোপালপুরে এই ব্যবস্থার পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল। এবার পোখরানের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রের কার্যকারিতার পাশাপাশি গোটা ব্যবস্থার নকশাও খতিয়ে দেখা হয়েছে। ধারাবাহিক পরীক্ষায় সাফল্য পাওয়ায় ভারতের ড্রোন প্রতিরক্ষা কর্মসূচিতে এটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।

নিজের শেষকৃত্য নিজেই ঠিক করুন! ভারতে চালু অভিনব পরিষেবা

শত্রুর ড্রোন হামলা রুখতে পোখরানে ভারতের নয়া ‘ভার্গবাস্ত্রের’ পরীক্ষা সফল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *