কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ২.২ কোটির সোনা উদ্ধার, গ্রেফতার দুই যুবক - 24 Ghanta Bangla News
Home

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ২.২ কোটির সোনা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

Spread the love


শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে (Gold Smuggling) উদ্ধার হল প্রায় ২.২ কোটি টাকা মূল্যের বিদেশি সোনার বিস্কুট। এই ঘটনায় ত্রিপুরার দুই যুবককে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। ধৃতদের কাছ থেকে মোট ১৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার ওজন প্রায় ১.৮ কেজি। বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে এই সোনা কলকাতায় পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালত ধৃতদের জামিনের আবেদন খারিজ করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ধৃতদের নাম বিধান দাস এবং সঞ্জয় দাস। তাঁরা উত্তর ত্রিপুরার বিষ্ণুপুর এলাকার বকবকি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান ডিআরআইয়ের

ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক জানিয়েছেন, ১৩১৭৬ নম্বর ট্রেনে সোনা পাচার করা হচ্ছে বলে আগে থেকেই খবর পেয়েছিলেন তদন্তকারীরা। সেই সূত্র ধরে ট্রেনের যাত্রীদের উপর নজরদারি চালানো হচ্ছিল।

শিলিগুড়ি থেকে কলকাতাগামী শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয়। তখনই এস৮ কামরার ৫৩ ও ৫৪ নম্বর বার্থে থাকা দুই যাত্রীকে আটক করেন ডিআরআই আধিকারিকরা।

স্টেশনে তখন যাত্রীদের ব্যাপক ভিড় থাকায় এবং সেখানে বিস্তারিত তল্লাশির উপযুক্ত পরিস্থিতি না থাকায় দুই যাত্রীকে ঘটনাস্থলেই সমন দেওয়া হয়। পরে তাঁদের শিলিগুড়িতে ডিআরআইয়ের দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়।

প্যান্টের বিশেষ পকেটে লুকানো ছিল সোনার বিস্কুট

ডিআরআইয়ের দাবি, গেজেটেড আধিকারিকের উপস্থিতিতে ধৃতদের বিস্তারিত তল্লাশি চালানো হয়। সেই সময় তাঁদের পরনের প্যান্টের বিশেষভাবে তৈরি গোপন পকেট থেকে সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়।

বিধান দাসের কাছ থেকে ছয়টি এবং সঞ্জয় দাসের কাছ থেকে ১০টি সোনার বিস্কুট পাওয়া যায়। উদ্ধার হওয়া মোট ১৬টি বিস্কুটের ওজন প্রায় ১.৮ কেজি। বাজারমূল্য আনুমানিক ২.২ কোটি টাকা।

তদন্তকারীদের বক্তব্য, সোনার বৈধ মালিকানা কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহণের পক্ষে কোনও গ্রহণযোগ্য নথি দেখাতে পারেননি দুই যুবক।

স্ক্যানার এড়াতে কার্বন পেপারে মোড়ানো হয়েছিল সোনা

ডিআরআই আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি প্রথমে কার্বন পেপারে মোড়ানো হয়েছিল। তার উপর আঠালো টেপ লাগানো ছিল। স্ক্যানিংয়ের সময় যাতে সেগুলি সহজে শনাক্ত করা না যায়, সেই উদ্দেশ্যেই এমন ব্যবস্থা করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

উদ্ধার হওয়া সোনার বিশুদ্ধতা যাচাই করতে স্থানীয় এক স্বর্ণকারকে ডাকা হয়। তিনি পরীক্ষা করে জানান, বিস্কুটগুলি ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার। প্রতিটি বিস্কুটের ওজন প্রায় ১১৬ গ্রাম।

বাংলাদেশ থেকে পাচারের অভিযোগ

ডিআরআইয়ের প্রাথমিক অভিযোগ, সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ত্রিপুরায় পাচার করে আনা হয়েছিল। এরপর ট্রেনে করে সেগুলি কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে দুই অভিযুক্তের জামিনের আবেদন করা হলে তা খারিজ হয়ে যায়। আদালত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। উদ্ধার হওয়া সোনার উৎস এবং পাচারচক্রের অন্য সদস্যদের সন্ধানে তদন্ত চালাচ্ছে ডিআরআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *