উত্তর ও মধ্য কলকাতায় পানীয় জলের সমস্যা মানছে না পুরসভা
গত ৯ নভেম্বর টালায় ৭২ ইঞ্চি ব্যাসার্ধের একটি জল সরবরাহের পাইপের দু’জায়গা ফেটে যায়। সেই ইস্তকই উত্তর ও মধ্য কলকাতার জল সরবরাহ পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে। জোড়াসাঁকোর নীলেন্দ্র সাউ বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে জল নিয়ে খুব সমস্যায় আছি। পুরসভার গাড়িতে যে জল আসছে, সেই জল দিয়ে সব কাজ হচ্ছে না।’ এন্টালির হাটগাছিয়ার কুমুদ রায়ের বক্তব্য, ‘অধিকাংশ সময়ে পুরসভার কল থেকে ঘোলা জল পড়ছে।’ চৌরঙ্গির নীলমাধব সেন লেনের গঙ্গাধর পাসোয়ানের কথায়, ‘পুরসভার কলে যে জল আসছে, তা খুূব বেশি হলে জনা দশেক লোক পাচ্ছেন। বাকিদের পয়সা দিয়ে জল কিনে পরিস্থিতি সামলাতে হচ্ছে।’ কাশীপুর, বেলগাছিয়া, সিঁথি, চিৎপুর, টালা, শ্যামবাজার, বাগবাজারের বাসিন্দারাও জল নিয়ে একই ধরনের সমস্যায় রয়েছেন প্রায় তিন সপ্তাহ ধরে।