বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪
বিয়ে বাড়ি থেকে আনন্দ করে ফেরা মুহূর্তে বদলে গেলো শোকে। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হল চার জনের। অন্ধ্রপ্রদেশের অন্ততপুর জেলায় ওই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় ৬৭ নম্বর জাতীয় সড়কে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। ওই ট্রাকটির পেছনে ধাক্কা মারে একটি গাড়ি। ওই গাড়িতেই হায়দরাবাদে একটি বিয়ে বাড়িতে যোগ দিয়ে ফিরছিলেন ১১ জন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাদিপাত্রি (Tadipatri) মণ্ডলের নিজেদের গ্রামে ফিরছিলেন তাঁরা। সেই সময়েই ওই ন্যাশনাল হাইওয়েতে ইয়াদিকি (Yadiki) মণ্ডলের রায়ালাচেরুভু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
তাদিপাত্রির ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) এম চন্দ্রশেখর জানিয়েছেন,ওই গাড়িতে ছিলেন কাভেটি সমুদ্রম ও নন্দলাপাদু গ্রামের পরিবারের সদস্য, আত্মীয় এবং বন্ধুরা। হায়দরাবাদে (Hyderabad) বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে বুধবার রাতেই সেখান থেকে ফিরে আসছিলেন তাঁরা।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন,বৃহস্পতিবার ভোররাতে ওই ভ্যানটি এনএইচ-৬৭ (NH-67)-এর রায়ালাচেরুভুতে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, গাড়িতে থাকা চার জন ঘটনাস্থলেই প্রাণ হারান। মৃতদের মধ্যে এক জন মহিলা। ঘটনায় আহত হন আরও ছ’জন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী সরকারি হাসপাতালে।
কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
অন্য দিকে,ঘটনায় শোকপ্রকাশ করার পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহণ মন্ত্রী মন্ডিপল্লি রামপ্রসাদ রেড্ডি।