বাজার করতে বেরিয়ে আটক সাহিদাকে বাংলাদেশে ডিপোর্ট-এ পদ্ধতিগত ক্রুটি? রাজ্য-কেন্দ্রের হলফনামার পরে মামলাকারীর জবাব তলব কোর্টের
‘বিদেশি’ সন্দেহে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের পরিযায়ী শ্রমিক সাহিদা ফকিরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে নতুন মোড়। সাহিদাকে দেশে ফেরানোর দাবিতে দায়ের হওয়া হেবিয়াস কর্পাস মামলায় কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল রাজ্য, কেন্দ্র এবং মুম্বই পুলিশ। শুনানি শেষে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সাহিদাকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়ায় পুলিশের কিছু পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে। তবে সেই ত্রুটির ভিত্তিতেই তাঁকে ভারতীয় নাগরিক বলে ঘোষণা করা সম্ভব নয়। নথিপত্র যাচাইয়ের পরে যদি প্রমাণ মেলে তিনি বিদেশি নন, তা হলে তাঁকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে।
বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, গত ১৯ জুলাই সাহিদাকে আটক করেছিল মুম্বই পুলিশের সিআইডি। কিন্তু তাঁকে তাঁর নাগরিকত্বের পক্ষে বক্তব্য পেশ কিংবা প্রয়োজনীয় নথি দেখানোর যথাযথ সুযোগ না দিয়েই তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। মহিলার পরিবারের দাবি, সাহিদা আদতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে কাজের সূত্রে মুম্বইয়ে থাকতেন তিনি।
সূত্রের খবর, স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সাইদা ফকির ও তাঁর স্বামী জুম্মান ফকির দীর্ঘ ২০ বছর ধরে মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সাইদা সেখানে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। গাড়ি ধোওয়া-মোছার কাজ করতেন স্বামী জুম্মান ফকির। গত ১৯ জুলাই বাজার করতে যাওয়ার সময়ে সাইদাকে আটক করে নভি মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদ করার পরে প্রথমে মুম্বইয়ের একটি হোল্ডিং সেন্টার রাখা হয় তাঁকে। গত ২৩ জুলাই তাঁকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
এ দিন শুনানিতে রাজ্য সরকারের হলফনামায় জানানো হয়েছে, সাহিদাকে আটক করা বা বাংলাদেশে পাঠানোর বিষয়ে মুম্বই পুলিশের তরফে রাজ্যকে এখনও কিছু জানানো হয়নি। ফলে ঘটনাটি সম্পর্কে রাজ্য সরকারের কাছে সরাসরি কোনও তথ্য নেই বলে আদালতে জানানো হয়েছে। কেন্দ্র ও মুম্বই পুলিশের তরফেও হলফনামা জমা পড়েছে।
আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, সাহিদাকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যথাযথ ভাবে মানা হয়েছিল কি না, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে কোনও প্রক্রিয়াগত ত্রুটি থাকলেই তাঁর ভারতীয় নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয় না। সেই জন্য প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করতে হবে। সাহিদা ভারতীয় নাগরিক এবং তাঁকে বিদেশি হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত ভুল—নথিতে তা প্রমাণিত হলে তাঁকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেবে আদালত।
আগামী ১০ দিনের মধ্যে রাজ্য ও কেন্দ্রের জমা দেওয়া হলফনামার পাল্টা জবাব দিতে হবে মামলাকারীদের। সেই জবাবে সাহিদার নাগরিকত্বের পক্ষে কী কী নথি পেশ করা হয়, তা পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অর্থাৎ, আপাতত সাহিদাকে দেশে ফেরানোর নির্দেশ দেয়নি আদালত। তাঁর নাগরিকত্বের প্রমাণ এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া—দু’টি বিষয় খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।