বাংলায় ‘ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন’ ছুটবে, পরিকাঠামোয় বিপুল অর্থের আশ্বাস গড়করির - 24 Ghanta Bangla News
Home

বাংলায় ‘ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন’ ছুটবে, পরিকাঠামোয় বিপুল অর্থের আশ্বাস গড়করির

Spread the love


কোলাঘাট: পশ্চিমবঙ্গের সার্বিক পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ভোলবদল ঘটাতে কোলাঘাটের সভা থেকে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এদিন রাজ্যে ৮,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। পাশাপাশি, রাজ্যের উন্নয়নে আরও ১ লক্ষ কোটি টাকার নতুন প্রকল্প এবং প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকার গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়করি বলেন, ‘‘আজ বাংলায় আবার ডবল ইঞ্জিন এসেছে। এক দিকে মোদীজি, অন্য দিকে শুভেন্দু অধিকারী। এই ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন এমন গতিতে ছুটবে যে বাংলাকে সমৃদ্ধ ও সম্পন্ন করে উন্নয়নের লক্ষ্য পূরণ করবে।’’ মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে মহাভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘চিন্তা করবেন না। মহাভারতে দ্রৌপদীর থালার মতো আমার থালাতেও টাকার কোনও অভাব নেই। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি টাকা দিতে ক্লান্ত হব না।’’

কেন্দ্র-রাজ্য সমন্বয় ও ফরাক্কা-নরঘাট সেতুর উৎসর্গ

রাজমার্গে ফাইটার জেট ও রাফাল নামানোর মতো সাফল্যের কথা তুলে ধরে এদিন গড়করিকে ‘বিকাশ পুরুষ’ আখ্যা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, শিলান্যাস ও উদ্বোধন মিলিয়ে পশ্চিমবঙ্গ আজ কেন্দ্রের কাছ থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্প পাচ্ছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার নামে নরঘাট সেতুর আরেকটি সেতু এবং উত্তরবঙ্গের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য ফরাক্কার দ্বিতীয় সেতু জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। শুভেন্দুর মতে, ফরাক্কার দ্বিতীয় সেতু উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারত এবং প্রতিবেশী নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও পর্যটনে বড় গতি আনবে। গত ছ’মাসে জাতীয় সড়কের (NH) বকেয়া এনওসি ও জমি জট মিটিয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয় জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর একগুচ্ছ নতুন প্রকল্পের দাবি

রাজ্যের মানুষের স্বার্থে এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একাধিক নতুন সড়ক ও সেতু প্রকল্পের আর্জি জানান শুভেন্দু অধিকারী। সেই তালিকায় রয়েছে-

*৭৫ কিলোমিটার দীর্ঘ কলকাতা-বনগাঁ-পেট্রাপোল নতুন রাজমার্গ (এনএইচ ৩৫)-এর সম্প্রসারণ।

*গলি নদীর ওপর ফলতা ও বাগনান সংযোগকারী সেতু।

*৩৫ কিলোমিটার দীর্ঘ এনএইচ ১১৭-এর অ্যালাইনমেন্ট ও সম্প্রসারণ।

*কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর সংযোগ, জোকা থেকে নামখানা এবং নন্দকুমার থেকে দিঘা চার লেনের সড়ক।

সুন্দরবনের জন্য একাধিক সেতু, গোসাবা সেতু, গোসাবা থেকে বনগাঁ সংযোগকারী রাজমার্গ এবং দার্জিলিং-শিলিগুড়ি ও শিলিগুড়ি-দক্ষিণবঙ্গ রাজমার্গের কাজ সম্পূর্ণ করা।

জামশেদপুর থেকে পানাগড় হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী ও মুকুটমণিপুর হয়ে দামোদর সেতু পর্যন্ত বিকল্প সড়ক, যা দুর্গাপুর ও জামশেদপুর শিল্পশহরকে যুক্ত করার পাশাপাশি বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়েকে দুর্গাপুরের সঙ্গে জুড়বে।

জমি জোগাড়ের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, রাজ্যের নতুন সরকারকে সাহায্য করতে হবে, জমি রাজ্য সরকার দেবে।

বাংলার সড়ক পরিকাঠামোর খতিয়ান ও ভবিষ্যৎ রূপরেখা

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৩ লক্ষ কোটি টাকার সড়ক কর্মসূচির আওতায় ব্যাপক কাজ চলছে—

  • ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে ২,৪০০ কিলোমিটার প্রকল্পের কাজ শেষ হয়েছে।
  • বর্তমানে প্রায় ৩৫ হাজার কোটি টাকার ৪৫০ কিলোমিটার প্রকল্পের কাজ চলছে।
  • পাইপলাইনে রয়েছে আরও প্রায় ২ লক্ষ কোটি টাকার প্রকল্প, যার কয়েকটির কাজ শুরু হয়ে গিয়েছে।

মুম্বই স্টক এক্সচেঞ্জ থেকে তহবিল জোগাড়ের অভিজ্ঞতা এবং মার্কিন প্রেসিডেন্ট কেনেডির উক্তি উদ্ধৃত করে গড়করি জানান, ভালো রাস্তাই অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি। পশ্চিমবঙ্গের জাতীয় মহাসড়কগুলিকেও আগামী দিনে আমেরিকার মানের করে তোলা হবে বলে এদিন অঙ্গীকার করেন তিনি।

হু হু করে নামছে পারদ, কাঁপছে বাংলা! ডিসেম্বরের শুরুতে ফের ঘূর্ণিঝড়?

চলন্ত সুপারফাস্ট ট্রেনে পাথর হামলা, অল্পের জন্য রক্ষা তরুণী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *