Samajwadi Party Manifesto: ১০ লাখ সরকারি চাকরি, বেকাররা মাসে মাসে পাবেন ৫০০০ টাকা! মহিলাদের জন্যও বড় প্রতিশ্রুতি | 10 Lakh Govt Jobs, 5000 rs Monthly Allowence for Unemployeed Youth, Big Promises for Women in Samajwadi Party’s Election Manifesto
ফাইল চিত্র
লখনউ: ১০ লাখ চাকরি, বেকার যুবকদের মাসে ৫ হাজার টাকা করে ভাতা। মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৪০ হাজার টাকা। এছাড়া নিখরচায় পড়াশোনা, গরিব মানুষদের ফ্রি-তে চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিলেন অখিলেশ যাদব। আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2027) জন্য সমাজবাদী পার্টির নির্বাচনী ইস্তেহার (Samajwadi Party Manifesto) প্রকাশ করা হল।
আজ, ২৬ নভেম্বর সংবিধান দিবসে সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব দলের ইস্তেহার প্রকাশ করেন। নাম দেওয়া হয়েছে “জন-মন ম্যানিফেস্টো” ও “২৭ কা সংকল্প: পিডিএ কা প্লেজ”। অখিলেশ যাদব জানিয়েছেন যে ক্ষমতায় এলে সমাজবাদী পার্টি সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে।
কী কী প্রতিশ্রুতি দিল সমাজবাদী পার্টি?
কর্ম সংস্থান ও ভাতা-
সমাজবাদী পার্টি বলেছে, তারা ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই ১০ লাখ সরকারি চাকরির প্রস্তাব গ্রহণ করবে। পাঁচ বছরে রাজ্যে ২৫ লাখ সরকারি চাকরি এবং ২ থেকে ৩ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বেকার যুবকদের জন্যও বড় প্রতিশ্রুতি দিয়েছে সপা সরকার। নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, বেকার যুবকরা চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ৫০০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে। সরকারি, বেসরকারি চাকরি খুঁজতে সাহায্য, স্কলারশিপ ও স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে যুব প্রজন্মের জন্য। সপা তাদের প্রতিশ্রুতিতে স্টার্টআপের প্রচার ও শহরতলি কর্মসংস্থান গ্য়ারান্টি আইন চালু করার কথাও বলেছে।
৫ টাকায় খাবার-
নির্বাচনী প্রতিশ্রুতিতে গরিব মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এছাড়া নিখরচায় পড়াশোনা ও কৃষকদের সময় মতো আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গরিব ও সাধারণ মানুষের জন্য ৫ টাকায় খাবারের ক্যান্টিন চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজ্যে যে স্কুলগুলি বন্ধ হয়ে গিয়েছে, সেগুলি চালু করা, ছাত্রদের জন্য ২০ লাখ ল্যাপটপ দেওয়ার কথা বলা হয়েছে। ক্ষমতায় এলে চালু করা হবে পুরনো পেনশন স্কিমও।
মহিলাদের অ্যাকাউন্টে টাকা-
সমাজবাদী পার্টি তাদের ভোট প্রতিশ্রুতিতে বলেছে, ক্ষমতায় এলে তারা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৪০ হাজার টাকা ট্রান্সফার করা হবে। এছাড়া রাজ্যের শিল্পীদেরও ৪০ হাজার টাকার পেনশন দেওয়া হবে।
নারী নিরাপত্তা-
উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থায় উন্নতি করার জন্য এআই ল্যাব ও স্মার্ট পুলিশিং সিস্টেম চালু করার কথা বলেছে। ১১০ হেল্পলাইন নম্বরকে আরও কার্যকর করা এবং মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থায় উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছে।