Murshidabad Medical College | রোগীর খাবারে মরা বিছে! অভিযোগ পরিবারের সদস্যের
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ ‘মাতৃমা’-তে রোগীর খাবারে মিলল মৃত বিছে। বুধবার দুপুরে খাবার খেতে গিয়ে এক প্রসূতি তাঁর খাবারের মধ্যে মৃত বিছে দেখতে পান। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। ঘটনার পর কড়া পদক্ষেপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতি ও রোগীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে খাবার পরিবেশনকারী তিন জনকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি খাবার সরবরাহকারী সংস্থাকে শো-কজ করা হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটিও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি স্বাস্থ্যভবনকে ই-মেলের মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার তথা সহ-অধ্যক্ষ সৌরদীপ রায়।