Lamborghini-র উচ্চারণে হোঁচট রবি কিষণের, অক্ষয়ের খোঁচায় হাসির রোল

মুম্বই: বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর সাম্প্রতিক পর্বে অক্ষয় কুমার ও রবি কিষণের উপস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। দুই অভিনেতার মজার কথোপকথনের একাধিক মুহূর্ত দর্শকদের নজর কেড়েছে। তবে অটোমোবাইলপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে Lamborghini-র নামের উচ্চারণ নিয়ে অক্ষয়ের রবি কিষণকে খোঁচা দেওয়ার ঘটনা। শেষ পর্যন্ত বিলাসবহুল গাড়ির নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো মজার পরিস্থিতি তৈরি হয়।
অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর দুই অতিথিকে একটি অভিনয়ভিত্তিক খেলা খেলতে বলেন। সেখানে অক্ষয় ও রবিকে ছেলে ও মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়। পরিস্থিতি অনুযায়ী নিজেদের মেজাজ বদলালেও চরিত্র থেকে বেরিয়ে আসা চলবে না। একসময় করণ, রবি কিষণকে ‘দিল চাহতা হ্যায়’ ছবির চরিত্রগুলির মতো একজন আধুনিক, শহুরে যুবকের ভূমিকায় অভিনয় করতে বলেন।
ক্যাফে ডেটের প্রস্তাব, অক্ষয়ের পাল্টা মজা
করণের নির্দেশ মেনে রবি কিষণ, মেয়ের চরিত্রে থাকা অক্ষয়কে ক্যাফেতে কফি খেতে যাওয়ার প্রস্তাব দেন। কথোপকথনে লাটে খাওয়ার প্রসঙ্গও ওঠে। কিন্তু অক্ষয় সেখানেও মজার ছলে পাল্টা মন্তব্য করেন। রবির বলা ‘লাটে’ শব্দের সঙ্গে মিল রেখে তিনি ‘কিকস’ নিয়ে রসিকতা করেন। দু’জনের কথোপকথনে হাসির পরিবেশ তৈরি হয়।
এরপরই আসে Lamborghini প্রসঙ্গ। অক্ষয় জানতে চান, রবির কাছে টাকা রয়েছে কি না এবং তিনি কোন গাড়ি চালান। রবি জানান, তাঁর কাছে যথেষ্ট টাকা রয়েছে। তখন অক্ষয় জানতে চান, তাঁর গাড়ি কোথায় এবং সেটি কোন ব্র্যান্ডের।
Lamborghini-র নাম উচ্চারণে সমস্যায় রবি
গাড়ির প্রসঙ্গ উঠতেই রবি কিষণ Lamborghini-র নাম বলতে গিয়ে কিছুটা হোঁচট খান। এরপর অক্ষয়কে প্রশ্ন করেন, “Lamborghini or Porsche? Can you tell me which one you prefer?”
খেলা শেষ হওয়ার পরই রবির উচ্চারণ নিয়ে মজা করতে শুরু করেন অক্ষয়। তাঁর মন্তব্য, “Abey, tu Indian car hi bol deta, nahi bol pa raha tha toh Lamborghini।” অর্থাৎ, Lamborghini বলতে সমস্যা হলে ভারতীয় গাড়ি বললেই পারতেন!
রবি ফের ব্র্যান্ডটির নাম ঠিকভাবে উচ্চারণের চেষ্টা করেন। কিন্তু অক্ষয় থামেননি। তিনি আবারও বলেন, ভারতীয় গাড়ির কথাই বলতে পারতেন। উত্তরে রবি জানান, তাঁর ওই গাড়িটিই পছন্দ।
ভারতীয় গাড়ির পক্ষেও সওয়াল অক্ষয়ের
কথোপকথনের একপর্যায়ে ভারতীয় গাড়ির প্রশংসাও করেন অক্ষয়। তাঁর বক্তব্য, ভারতীয় গাড়িও যথেষ্ট ভালো। উদাহরণ হিসেবে তিনি Mahindra-র নাম উল্লেখ করেন। তবে অক্ষয়ের এই যুক্তিতেও রবির পছন্দ বদলায়নি। তিনি স্পষ্ট করে জানান, Lamborghini-ই তাঁর পছন্দের গাড়ি।
শোয়ের এই ছোট্ট মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠেছে। দুই অভিনেতার স্বতঃস্ফূর্ত কথোপকথন এবং অক্ষয়ের মজার খোঁচা ‘কফি উইথ করণ ৯’-এর অন্যতম আলোচিত মুহূর্ত হিসেবে দর্শকদের নজর কেড়েছে।