Jammu and Kashmir: ৩৭ বছরে প্রথম! কাশ্মীরে সক্রিয় নেই কোনও স্থানীয় জঙ্গি | No Local Terrorists Wiped Out In Kashmir
ফাইল ফোটোImage Credit: TV9 Bharatvarsh
নয়া দিল্লি: কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য বলে দাবি নিরাপত্তা সংস্থাগুলির। প্রায় ৩৭ বছরের মধ্যে প্রথমবার উপত্যকায় কোনও স্থানীয় কোনও জঙ্গি সক্রিয় নেই বলে দাবি। নিরাপত্তা সংস্থার নজরে এখন মূলত পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, পীর পাঞ্জালের উত্তরে প্রায় ৩৫ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয় থাকতে পারে। তাদের খুঁজে বের করতে তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।
সম্প্রতি, কুলগামে লতিফ ভাট নামে শেষ সক্রিয় স্থানীয় জঙ্গির মৃত্যুর পর উপত্যকায় স্থানীয় জঙ্গিদের উপস্থিতি কার্যত নেই। এক সময় কাশ্মীরের যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা উল্লেখযোগ্য থাকলেও, গত কয়েক বছরে সেই সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ১৯৬ জন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। ২০২১ সালে সেই সংখ্যা ছিল ১৪৬, ২০২২ সালে ১২১ এবং ২০২৩ সালে ১৯। ২০২৪ সালে সংখ্যাটি নেমে আসে ৪-এ। ২০২৫ সালে মাত্র একজন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দেয়। চলতি বছরে এখনও পর্যন্ত সেই সংখ্যা শূন্য বলে দাবি নিরাপত্তা সূত্রের।
স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা কমে যাওয়ার পর পাকিস্তান থেকে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা। শীতের মরশুমে তুষারপাতের কারণে পাহাড়ি পথ বন্ধ হয়ে যাওয়ার আগে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা। সেই কারণে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তা সংস্থাগুলির দাবি, পাকিস্তান থেকে আসা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি তাদের সহযোগী নেটওয়ার্কের উপরও নজর রাখা হচ্ছে। দুর্গম পাহাড়ি ও জঙ্গল এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।